চাঁদাবাজির মামলায় তিন ভুয়া সাংবাদিক গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বড়াইগ্রাম উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যানের কাছে ৫০ হাজার টাকা চাঁদা দাবির অভিযোগে ভুয়া তিন সাংবাদিক ও মানবাধিকারকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার দুপুরে নিয়মিত মামলায় তাঁদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বনপাড়া পুলিশ তদন্তকেন্দ্রের কর্তব্যরত কর্মকর্তা জানান, আটক তিনজন হলেন উপজেলার বনপাড়ার শহীদুল ইসলাম ওরফে শাহীন (২৭), বনপাড়ার সরদারপাড়ার শুভ হোসেন (২৪) ও বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি নুরপুর গ্রামের এমদাদুল হক (৩৬)। তাঁরা নিজেদের আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কর্মী এবং দৈনিক চৌকস ও মাইটিভির সাংবাদিক বলে দাবি করেন।

তদন্তকেন্দ্রের কর্তব্যরত কর্মকর্তা উপপরিদর্শক হাবিব হোসেন জানান, ৮ ডিসেম্বর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান হেলেনা বেগমের কার্যালয়ে গিয়ে ওই তিনজনসহ ৭-৮ জন যুবক আন্তর্জাতিক মানবাধিকার সাংবাদিক সংস্থার কর্মী ও দৈনিক চৌকস-এর সাংবাদিক পরিচয় দিয়ে ৫০ হাজার টাকা চাঁদা দাবি করেন। অন্যথায় তাঁর বিরুদ্ধে বিভিন্ন সংবাদমাধ্যমে খবর প্রচার করা হবে বলে হুমকি দেন। একইভাবে তাঁরা উপজেলা পরিষদের বিভিন্ন কর্মকর্তার কাছে গিয়েও চাঁদা দাবি করেছেন বলে পুলিশ জানতে পেরেছে। এ ঘটনায় গতকাল বুধবার রাতে হেলেনা বেগম মামলা করেন। পরে পুলিশ আজ ভোরে তাঁদের আটক করে।

হেলেনা বেগম বলেন, ‘আটককৃতরা প্রথমে নিজেদের মাই টিভির সাংবাদিক বলে পরিচয় দেন, পরে নিজেদের মানবাধিকারকর্মী হিসেবে পরিচয় দেন। তাঁরা বাড়িতে গিয়ে আমার অনুপস্থিতিতে আমার বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে আমার বৃদ্ধ বাবার সাক্ষাৎকার ক্যামেরাবন্দী করেন এবং তা প্রচারের হুমকি দেন। পরে আমি মাইটিভিতে খোঁজ নিয়ে জানতে পারি তাঁরা ভুয়া পরিচয় দিয়ে আমার সাথে প্রতারণা করেছে।’

বড়াইগ্রাম প্রেসক্লাবের সভাপতি অহিদুল হক সরকার বলেন, ‘আটককৃতদের আমরা এলাকায় কখনো সাংবাদিকতা করতে দেখি নাই। তাঁদের আসল পেশা মানুষকে ঠকিয়ে টাকা হাতিয়ে নেওয়া।’