চাঁদাবাজির মামলার বাদীর ওপর হামলা
ফরিদপুরের সদরপুরে চাঁদাবাজদের বিরুদ্ধে মামলা করায় এক ব্যবসায়ীর ওপর হামলার ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা হাট এলাকায় ওই ঘটনা ঘটে।
আহত ওই ব্যবসায়ীর নাম লুৎফর খান (৪০)। তিনি বলেন, তিনি ভাইয়ের সঙ্গে আমদানি-রপ্তানির ব্যবসা করেন। এলাকার কয়েকজন চাঁদাবাজ বিভিন্ন সময় তাঁর কাছে প্রতি মাসে এক লাখ টাকা চাঁদা দাবি করে আসছিল। এবার ঈদের ছুটিতে তিনি ঢাকা থেকে বাড়ি এলে চাঁদাবাজরা কয়েক দফায় স্থানীয় চরচাঁদপুর বাজারসহ বিভিন্ন জায়গায় তাঁর কাছে চাঁদা দাবি করে। এ ঘটনায় গত বুধবার রাতে তিনি ভাষাণচর ইউনিয়নের চরচাঁদপুর গ্রামের মোকলেসুর রহমান (৫০), একই ইউনিয়নের মকবুল মুন্সীর ডাঙ্গি গ্রামের নিজাম মুন্সী (৪৫), সালাম মোল্লাসহ (৪৯) পাঁচজনকে আসামি করে একটি মামলা করেন।
সদরপুর থানা সূত্রে জানা গেছে, মামলা দায়েরের পর ওই রাতেই পুলিশ আলাউদ্দীন মুন্সী নামের এক আসামিকে গ্রেপ্তার করে।
লুৎফর খান বলেন, গতকাল দুপুরে তিনি সদরপুর থেকে একটি মোটরসাইকেলে করে বাড়ি ফিরছিলেন। পথে বিষ্ণুপুর ইউনিয়নের জয়বাংলা বাজার এলাকার সেতুর কাছে আট-দশজন লোক দেশীয় অস্ত্র নিয়ে মোটরসাইকেলের গতিরোধ করে এবং তাঁর ওপর হামলা চালায়। তিনি দ্রুত মোটরসাইকেল চালিয়ে বিষ্ণুপুর গ্রামের একটি বাড়িতে আশ্রয় নেন। হামলাকারীরা ওই বাড়িতে এসে লুৎফরকে পিটিয়ে আহত ও মোটরসাইকেলটি ভাঙচুর করে। এ সময় হামলাকারীরা তাঁর কাছে থাকা ৬৫ হাজার টাকা ও একটি সোনার আংটি ছিনিয়ে নেয়।
অভিযুক্ত মোকলেসুর রহমান মুঠোফোনে বলেন, লুৎফর খানের সঙ্গে তাঁদের এলাকার বিভিন্ন বিষয় নিয়ে বিরোধ আছে। তাঁরা প্রতিপক্ষ বলে তাঁদের বিরুদ্ধে মিথ্যা মামলা করা হয়েছে। হামলার বিষয়ে তিনি বলেন, তাঁদের দলের একজনের ওপর গতকাল হামলা করার কারণে লুৎফরের ওপর হামলা হয়েছে।
চর বিষ্ণুপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান সামসুল হুদা বলেন, চাঁদাবাজির মামলাকারী ও আসামিদের মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে।
সদরপুর থানার উপপরিদর্শক (এসআই) ইকবাল হোসেন বলেন, বাদীর ওপর হামলার ঘটনার পর ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি পুলিশ খতিয়ে দেখছে।