চাঁদাবাজির মামলায় ছাত্রলীগ নেতা গ্রেপ্তার
চাঁদাবাজির মামলায় নাটোরের গুরুদাসপুর উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রেজাউল করিমকে গত রোববার গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল সোমবার তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, রেজাউল ক্ষমতার প্রভাব খাটিয়ে এলাকায় দখল, টেন্ডারবাজি, চাঁদাবাজিসহ মানুষকে জিম্মি করে আর্থিক সুবিধা ভোগ করছিলেন। এ নিয়ে থানা ও আদালতে তাঁর বিরুদ্ধে কমপক্ষে অর্ধডজন মামলা রয়েছে।
সর্বশেষ গত ২৮ জুলাই রেজাউলের নেতৃত্বে উপজেলা দলিল লেখক সমিতিতে হামলা চালানো হয়। সমিতির সভাপতি-সম্পাদককে ভয় দেখিয়ে রেজাউল তাঁর ভাই বেলালকে সমিতির সদস্য করতে বলেন। পাশাপাশি দুই লাখ টাকা চাঁদা দাবি করেন। ওই ঘটনায় উপজেলা দলিল লেখক সমিতির সভাপতি মো. গোলাম মোর্শেদ বাদী হয়ে থানায় রেজাউলসহ সাতজনের বিরুদ্ধে একটি চাঁদাবাজির মামলা করেন।
গুরুদাসপুর থানার পরিদর্শক (তদন্ত) মো. ফারুক হোসেন জানান, ওই চাঁদাবাজির মামলায় রেজাউলকে গ্রেপ্তার করা হয়েছে।