চাঁদাবাজির মামলায় দুজন গ্রেপ্তার
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ রিফাত আমিনের ছোট ছেলে রাশেদ সরোয়ার ওরফে রুমনসহ চারজনের নামে চাঁদাবাজি ও হত্যার হুমকির অভিযোগে করা মামলায় পুলিশ দুজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন সাতক্ষীরা সদর উপজেলার ভোমরা এলাকার ইমরান হোসেন ও একই উপজেলার লক্ষ্মীদাঁড়ি এলাকার তুহিন হোসেন।
গত শুক্রবার রাত আটটার দিকে ভোমরা স্থলবন্দরের পরিবহন ব্যবসায়ী সিরাজুল ইসলাম সাতক্ষীরা সদর থানায় এ মামলাটি করেন। মামলায় সিরাজুল ইসলাম অভিযোগ করেন, ২৬ জানুয়ারি দুপুর সাড়ে ১২টার দিকে রাশেদ সরোয়ার রুমন, ইমরান হোসেন ওরফে টনি, ফরহাদ হোসেন ও তুহিন হোসেনসহ কয়েকজন তাঁর চাচাতো ভাই ফিরোজ হোসেনকে ডেকে ভোমরা বন্দরে একটি ঘরের নিয়ে যান। পরে চাচাতো ভাই ফিরোজের মাধ্যমে তাঁকে (সিরাজুল) ডেকে নেওয়ার চেষ্টা করেন। কিন্তু তাঁকে না পেয়ে তাঁর চাচাতো ভাইকে মারপিট করে ২৫ হাজার টাকা কেড়ে নেন। পরে তাঁর চাচাতো ভাইয়ের কাছে আরও পাঁচ লাখ টাকা দাবি করেন।
সংরক্ষিত মহিলা আসনের সাংসদ রিফাত আমিন বলেন, তাঁর ছেলের বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু হয়েছে।