চাঁদাবাজির মামলায় বাবু গাইন গ্রেপ্তার
খুলনার পাইকগাছা উপজেলার আলোচিত বনদস্যু বাবুল হোসেন ওরফে বাবু গাইনকে গ্রেপ্তার করেছে পুলিশ। চাঁদাবাজির মামলায় গত সোমবার ভোরে সুন্দরবনসংলগ্ন গড়ইখালী ইউনিয়নের পাখিউড়া এলাকার নিজ ঘের থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
বাবু গাইন গড়ইখালী গ্রামের কেসমত গাইনের ছেলে। তাঁর ১০ দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে। আজ বৃহস্পতিবার আদালতে তাঁর রিমান্ড শুনানি হওয়ার কথা।
ধর্ষণ, কাঠ পাচার, হরিণ শিকার, বনরক্ষীদের মারধর, ঘের দখল, চাঁদাবাজি, অপহরণসহ বিভিন্ন অভিযোগ রয়েছে বাবুর বিরুদ্ধে। র্যা বের কাছে অস্ত্রসহ একবার গ্রেপ্তারও হন বাবুল। তাঁর বিরুদ্ধে বিভিন্ন থানা ও আদালতে অস্ত্র, চাঁদাবাজি, ধর্ষণ, বন আইনসহ বিভিন্ন অভিযোগে কমপক্ষে ২০টি মামলা ও সাধারণ ডায়েরি রয়েছে। সম্প্রতি জেলা পরিষদ নির্বাচনকে ঘিরে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে আওয়ামী লীগের প্রার্থী হারুনুর রশিদ ও স্বতন্ত্র প্রার্থী অজয় সরকারের লোকজনের মধ্যে মারামারির ঘটনারও আসামি বাবু।
পাইকগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মদ জানান, গত ১৯ এপ্রিল দায়ের হওয়া একটি চাঁদাবাজির মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে। চাঁদখালী ইউনিয়নের হাচিমপুর গ্রামের মো. শাহীন খান মামলাটি করেছিলেন।