চাঁদাবাজির মামলায় সাংসদের ছেলে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংরক্ষিত মহিলা আসনের সাংসদ রিফাত আমিনের ছোট ছেলে রাশেদ সরোয়ার ওরফে রুমনকে (৩২) চাঁদাবাজির অভিযোগে করা দুটি মামলায় পুলিশ গ্রেপ্তার করেছে। আজ রোববার বেলা দেড়টার দিকে সাতক্ষীরা শহরের চৌরঙ্গী মোড় এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

গত মে মাসেও রাশেদকে অস্ত্র-গুলিসহ আটক করেছিল পুলিশ। তাঁর কাছ থেকে মায়ের নামে লাইসেন্স করা পিস্তল ও ৪৩টি গুলি উদ্ধার করা হয়। এ সময় তাঁর সঙ্গে থাকা তিনজন নারীকে আটক করা হলেও পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। আর রাশেদকে মোটরযান আইনে দায়ের করা মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। মামলায় বলা হয়, ১৯ মে শ্যামনগরের মুন্সিগঞ্জ এলাকায় বেপরোয়া গতিতে গাড়ি চালাচ্ছিলেন। পুলিশ সংকেত দেওয়ার পর তিনি গাড়ি থামাননি। ২২ মে তিনি জামিনে বেরিয়ে আসেন।

সাতক্ষীরা জেলা গোয়েন্দা শাখার (ডিবি) ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহমেদ হাশমী বলেন, রাশেদ সরোয়ারের বিরুদ্ধে অভিযোগ থাকায় পুলিশ তাঁকে খুঁজছিল। আজ দুপুরে উপপরিদর্শক আশরাফুল আলম ও তাইজুর রহমানের নেতৃত্বে শহরের চৌরঙ্গী এলাকার একটি গলি থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ হোসেন মোল্যা বলেন, রাশেদ সরোয়ারের নামে ১২ সেপ্টেম্বর জেলা যুবলীগের সাবেক সহসভাপতি জুলফিকার আলী ওরফে উজ্জ্বল একটি মামলা করেন। মামলায় উজ্জ্বলকে মারধর ও চাঁদাবাজির অভিযোগ করা হয়েছে। এর আগে গত ২৪ আগস্ট সিরাজুল ইসলাম নামের একজন চাঁদাবাজির অভিযোগে একটি মামলা করেন। এসব মামলায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

তবে মা রিফাত আমিন দাবি করেন, তাঁর ছেলেকে ষড়যন্ত্রমূলকভাবে গ্রেপ্তার করা হয়েছে।