চাঁদাবাজির শিকার বিআরটিসির বাসও

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের প্রায় প্রতিটি বাস ডিপোতে চাঁদা দিতে হয়, না হলে গাড়িতে যাত্রী তুলতে দেওয়া হয় না। এ থেকে বাদ যায় না সরকারি মালিকানাধীন বিআরটিসির (বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশন) বাসও।

সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় কমিটি গঠিত এক উপকমিটির প্রতিবেদনে এসব তথ্য উঠে এসেছে। প্রতিবেদনে বলা হয়, বাসমালিক সমিতির লোকজনের এসব কর্মকাণ্ড বন্ধে স্থানীয় প্রশাসনের কোনো সহযোগিতা পাওয়া যায় না। আর এ চাঁদা দেওয়ার কারণেই বিআরটিসি কাঙ্ক্ষিত রাজস্ব আদায় করতে পারছে না।

ওই প্রতিবেদনে আরও বলা হয়েছে, নারী যাত্রীদের বাসে ওঠানো ও নামানোর ক্ষেত্রে বাসের কনডাক্টর ও হেলপারদের হাতে অহেতুক হয়রানির শিকার হতে হয়।

গতকাল রোববার সংসদ ভবনে অনুষ্ঠিত কমিটির বৈঠকে উপকমিটির ওই প্রতিবেদন এবং সুপারিশের বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়। এ বিষয়ে জানতে চাইলে কমিটির সভাপতি একাব্বর হোসেন প্রথম আলোকে বলেন, উপকমিটি দেশের বিভিন্ন স্থানের বাস ডিপোগুলো পরিদর্শন করে এই প্রতিবেদন তৈরি করেছে। সারা দেশেই বাসমালিক সমিতির পক্ষ থেকে বিআরটিসির বাস চলাচলে নানা প্রতিবন্ধকতা সৃষ্টি করা হয়। এ বিষয়ে কমিটির সুপারিশগুলো আমলে নেওয়ার ব্যাপারে মন্ত্রণালয় নীতিগত সিদ্ধান্তের কথা জানিয়েছে।

নাজমুল হক প্রধানের নেতৃত্বে গঠিত এই উপকমিটির অন্য সদস্যদের মধ্যে ছিলেন রেজওয়ান আহাম্মদ, নুরুজ্জামান আহমেদ ও মো. মনিরুল ইসলাম। কমিটির প্রতিবেদনে বলা হয়, প্রতিটি ডিপোর ক্ষেত্রেই অনিয়মের অভিযোগ রয়েছে। কোনো চালু গাড়ির যন্ত্রাংশ নষ্ট হলে বিকল গাড়ি থেকে যন্ত্রাংশ নিয়ে লাগানো হয় এবং ভুয়া ভাউচারের মাধ্যমে অর্থ আত্মসাৎ করা হয়।

কমিটির পক্ষ থেকে গাড়ির চালক, চালকের সহকারী ও ভাড়া আদায়কারীদের নৈতিক শিক্ষায় আনা এবং মালিক সমিতির চাঁদাবাজি প্রতিরোধে স্থানীয় রাজনৈতিক নেতা, সুশীল সমাজের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও সাধারণ যাত্রীদের সমন্বয়ে ‘বিআরটিসি যাত্রী সেবা সংঘ’ নামে সংগঠন গড়ে তোলার সুপারিশ করা হয়েছে।

একাব্বর হোসেনের সভাপতিত্বে গতকালের সংসদীয় কমিটির বৈঠকে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরসহ কমিটির সদস্য এম এ আউয়াল, রেজওয়ান আহাম্মদ, ফয়জুর রহমান, মো. মনিরুল ইসলাম ও লুৎফুন নেছা প্রমুখ অংশ নেন।

বৈঠকে মন্ত্রণালয়ের পক্ষ থেকে কমিটিকে জানানো হয়েছে, দেশের ২৩ জেলায় বিআরটিসির বাস চলাচল করছে। আরও নতুন বাস সংগ্রহের পরে প্রতিটি জেলায় কমপক্ষে একটি করে বাস ঢাকা থেকে চালানো হবে।

বৈঠক শেষে সংসদ সচিবালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দেশব্যাপী জেলা সদরের সঙ্গে সংযুক্ত রাস্তাগুলোকে ২৪ ফুট থেকে ৩০ ফুট এবং থানা সদরের সঙ্গে সংযুক্ত রাস্তাগুলো ১৮ ফুট থেকে ২৪ ফুট করতে সড়ক ও সেতু মন্ত্রণালয়ের মাধ্যমে পরিকল্পনা মন্ত্রণালয়কে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার সুপারিশ করা হয়।