চাঁদাবাজির সময় পুলিশ কর্মকর্তার ছেলে গ্রেপ্তার
প্রধানমন্ত্রীর জনপ্রশাসনবিষয়ক উপদেষ্টা এইচ টি ইমামের ভাগনে পরিচয় দিয়ে চাঁদাবাজি করার সময় পুলিশ কর্মকর্তার ছেলে মতিউজ্জামান ওরফে হীরাকে (৩৫) গ্রেপ্তার করা হয়েছে। সিরাজগঞ্জ জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার কার্যালয় থেকে গতকাল বুধবার চাঁদার টাকাসহ তাঁকে গ্রেপ্তার করে গোয়েন্দা শাখার (ডিবি) পুলিশ।
মতিউজ্জামানকে গতকালই কারাগারে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, গতকাল বেলা দেড়টার দিকে এইচ টি ইমামের ভাগনে পরিচয় দিয়ে মতিউজ্জামান জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা রবিউল ইসলামের কার্যালয় আসেন। তিনি (মতিউজ্জামান) রবিউল ইসলামকে জানান, এ কার্যালয়ের নামে ৭৫০ মেট্রিন টন টিআরের চাল তদবির করে বরাদ্দ করা হয়েছে। এতে তাঁর বেশ কিছু খরচ হয়েছে। এ সময় তিনি এ খরচ বাবদ রবিউলের কাছে ১০ হাজার টাকা দাবি করেন। কিন্তু তাঁর আচরণে সন্দেহ হলে রবিউল তাঁকে এক ঘণ্টা পরে টাকা নিতে আসতে বলেন। খবর পেয়ে ডিবি পুলিশ সাদা পোশাকে জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তার কার্যালয়ে আসে। এক ঘণ্টা পর মতিউজ্জামান টাকা নিতে আসেন। ডিবি পুলিশের সামনে মতিউজ্জামানকে ১০ হাজার টাকা দেওয়া হয়। এ সময় তাঁকে হাতেনাতে গ্রেপ্তার করে ডিবি পুলিশ।