চাঁদাবাজে অতিষ্ঠ হয়ে ভোলা পাউবোর কর্মচারীদের কর্মবিরতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এক চাঁদাবাজের দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে ভোলা পানি উন্নয়ন বোর্ড-২ (পাউবো)-এর কর্মচারীরা গতকাল বৃহস্পতিবার কর্মবিরতি পালন করেছেন। তাঁরা ওই চাঁদাবাজের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
কর্মবিরতি শেষে বিকেলে এক সভা করেন কর্মচারীরা। সেখানে সবার পক্ষে লিখিত বক্তব্যে জসিম উদ্দিন নামের একজন অভিযোগ করেন, চরফ্যাশন শহরে অবস্থিত পাউবো-২-এর কার্যালয় এলাকায় শামিম হোসেন নামের এক বখাটে কর্মকর্তা-কর্মচারীদের কাছে নিয়মিত চাঁদাবাজি করে আসছেন। তিনি নিজেকে আওয়ামী লীগের নেতা হিসেবে পরিচয় দেন। চাঁদা না দিলে তিনি কর্মচারীদের সঙ্গে দুর্ব্যবহার করেন। গতকাল সকালে অফিসে ঢোকার সময় মিজান নামের এক কর্মচারীর কাছে শামিম টাকা দাবি করেন। টাকা না দেওয়ায় তিনি তাঁকে লাঞ্ছিত করেন। এ ঘটনা অফিসের ওপরের কর্মকর্তাদের জানানো হয়। কিন্তু তাঁরা কোনো কার্যকর ব্যবস্থা না নেওয়ায় কর্মচারীরা কর্মবিরতি পালন করেন। আন্দোলনে তৃতীয় ও চতুর্থ শ্রেণির ২০ জন কর্মচারী অংশ নেন।
একই অভিযোগ করলেন ভোলা পাউবোর নির্বাহী প্রকৌশলী কাইছার আলমও। তিনি বলেন, দীর্ঘদিন ধরে শামিম নামের এক বখাটে পাউবো-২-এর কর্মচারীদের কাছে চাঁদাবাজি করে আসছেন। বিষয়টি স্থানীয় নেতাদের জানানো হয়েছে। তাঁরা সমাধান না করলে আইনের আশ্রয় নেওয়া হবে।
চরফ্যাশন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এনামুল হক বলেন, ‘অভিযোগ পেলে ব্যবস্থা নেব।’
মুঠোফোনে না পাওয়ায় এ বিষয়ে বখাটে শামিমের সঙ্গে কথা বলা যায়নি।