চাঁদার জন্য দুজনকে অপহরণ, পাঁচ ঘণ্টা পর উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফেনীর সোনাগাজীতে জলদস্যুরা দাবি করা চাঁদা না পেয়ে আবদুল ওহাব সওদাগর (৪৩) ও মো. মিলন (২০) নামের দুজনকে অপহরণ করে। পুলিশি তৎপরতায় পাঁচ ঘণ্টা পর তাঁদের উদ্ধার করা হয়েছে।
পুলিশ ও এলাকাবাসী জানান, গতকাল সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার দক্ষিণ-পশ্চিম চর চান্দিয়া ৮ নম্বর স্লুইসগেট এলাকা থেকে জলদস্যু বাহিনীর সন্ত্রাসীরা আবদুল ওহাব সওদাগর ও মো. মিলন নামের দুজনকে অস্ত্রের মুখে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায় এবং মুক্তির বিনিময়ে স্বজনদের কাছে মোটা অঙ্কের চাঁদা দাবি করে।
নাম প্রকাশে অনিচ্ছুক মো. মিলনের একজন আত্মীয় জানান, জলদস্যু বাহিনীর ল্যাংড়া কালাম ও আফছারের নেতৃত্বে আবদুল ওহাব সওদাগর ও মো. মিলনকে অস্ত্রের মুখে অপহরণ করে এবং দুই পরিবারের কাছে এক লাখ টাকা করে চাঁদা দাবি করা হয়। তাঁদের অপহরণের বিষয়টি তাৎক্ষণিকভাবে সোনাগাজী থানার পুলিশ ও স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে অবহিত করা হয়।
অন্যদিকে সামাজিক ও রাজনৈতিকভাবেও দেন-দরবার শুরু হয়। একপর্যায়ে দুই পরিবার থেকে ২০ হাজার টাকা আদায় করে এবং চাঁদা দেওয়ার কথা পুলিশকে বলা যাবে না—এ শর্তে রাজি হলে পাঁচ ঘণ্টার পর বিকেল সাড়ে চারটায় তাঁদের দুজনকে আবার অপহরণস্থলে নিয়ে ছেড়ে দেওয়া হয়।
সোনাগাজী থানার ওসি আবু ছালেহ মো. জাফর উপজেলার চর চান্দিয়া এলাকা থেকে দুজনকে অপহরণের পর পুলিশি তৎপরতায় উদ্ধারের সত্যতা নিশ্চিত করেছেন।