চাঁদার টাকা নিতে এসে ধরা পড়ল দুই 'প্রতারক'
সোনালী ব্যাংক লিমিটেড নাটোরের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) আশিষ আচার্যকে প্রতারণার ফাঁদে ফেলে আদায় করা চাঁদার টাকা নিতে আসার অভিযোগে এক নারীসহ প্রতারক চক্রের দুই সদস্য গ্রেপ্তার হয়েছে। গত মঙ্গলবার রাতে তাঁরা ধরা পড়েন।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন নওগাঁর রানীনগর উপজেলার আকনা গ্রামের মিনহাজুল আহম্মেদ (৩২) ও গাজীপুরের বোর্ড বাজার দেওয়ান পাড়ার আনিকা খাতুন (২০)।
এ ব্যাপারে নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকিরুল ইসলাম বলেন, নওগাঁয় সোনালী ব্যাংকের সহকারী মহাব্যবস্থাপক থাকাকালে প্রতারণার ফাঁদে ফেলে চক্রটি একটি মেয়ের সঙ্গে আশিষ আচার্যের কিছু আপত্তিকর ছবি তুলে। পরে সেগুলো দিয়ে আশিষ আচার্যকে বিভিন্নভাবে জিম্মি করে প্রতারক চক্রটি প্রায় ছয় লাখ টাকা চাঁদা আদায় করে। একসময় ডিজিএম হয়ে আশিষ আচার্য নাটোর আসেন। এ সময় চাঁদার জন্য নানা হুমকি দেওয়া হয়। শেষে ইন্টারনেটে ওই পুরোনো ছবি ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে চক্রটি আশিষ আচার্যের কাছে চার লাখ টাকা দাবি করে।
এ ব্যাপারে ডিজিএমের ভাতিজা অহিদ আচার্য নওগাঁ সদর মডেল থানায় অভিযোগ দেন। পুলিশের পরামর্শ অনুযায়ী প্রতারক চক্রটিকে নাটোর থেকে এসএ পরিবহনের মাধ্যমে এক লাখ টাকা পাঠানো হয়। মঙ্গলবার রাতে টাকা তুলতে এলে পুলিশ তাঁদের আটক করে। এ ব্যাপারে চাঁদাবাজি ও প্রতারণা আইনে নওগাঁ সদর মডেল থানায় দায়ের মামলায় আটকৃত ব্যক্তিদের গ্রেপ্তার দেখানো হয়।
গত বুধবার আশিষ আচার্যের মুঠোফোনে বারবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।