চাঁদার টাকা ভাগাভাগি নিয়ে দুই পক্ষে সংঘর্ষে আহত ১৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় চাঁদার অর্থ ভাগাভাগি নিয়ে আওয়ামী লীগের দুই পক্ষের মধ্যে সংঘর্ষে কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে উপজেলার দড়ির চর খাজুরিয়া ইউনিয়নের জাহাজঘাটে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও দলীয় সূত্রে জানা যায়, দড়ির চর খাজুরিয়া ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডসংলগ্ন গজারিয়া নদীর জাহাজঘাটে দীর্ঘদিন ধরে চাঁদা তুলে আসছিলেন ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম মোস্তাফার পক্ষের আওয়ামী লীগ নেতা-কর্মীরা। গত বৃহস্পতিবার রাত আটটার দিকে প্রতিপক্ষ ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবদুস সালাম দেওয়ান ও সাধারণ সম্পাদক মোজাম্মেল হকের অনুসারীরা ঘাটে গিয়ে ওই চাঁদা অর্থের ভাগ দাবি করেন। এ নিয়ে দুই পক্ষের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ বেঁধে যায়। লাঠিসোঁটা ও দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। এতে ১৫ জন আহত হন। আহত কয়েকজনকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
দড়ির চর খাজুরিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বলেন, জাহাজঘাটে স্থানীয় দুলাল ব্যাপারীসহ চেয়ারম্যানের লোকজন চাঁদা তুলে আসছেন। এর প্রতিবাদ করায় তাঁর অনুসারীরা দুটি বাড়িতে হামলা চালান। এ ঘটনায় তাঁদের পক্ষের ছয়-সাতজন আহত হন।
তবে চেয়ারম্যান গোলাম মোস্তফার অনুসারী ইউপি সদস্য ও ইউনিয়ন যুবলীগের সভাপতি মোশাররফ হোসেন বলেন, আওয়ামী লীগ নেতা মোজাম্মেল হাওলাদারের নেতৃত্বেই জাহাজঘাট থেকে চাঁদা তোলা হচ্ছিল। এতে বাধা দেওয়ায় তাঁদের ওপর হামলা হয়েছে। এতে তাঁদের পক্ষের সাত-আটজন আহত হন।