চাঁদার দাবিতে ব্যবসায়ীসহ পাঁচজনকে পিটিয়ে আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের দ্বিগুবাবুর বাজার এলাকায় চাঁদার দাবিতে এক ব্যবসায়ীসহ পাঁচজনকে পিটিয়ে আহত করেছে নারায়ণগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি শুভ দে ও তার লোকজন। গুরুতর আহত ব্যবসায়ী নাসিরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
গতকাল বুধবার বিকেলে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে একজনকে আটক করেছে।
ব্যবসায়ী নাসিরের নিকটাত্মীয় বিল্লাল হোসেন বলেন, ‘গতকাল বিকেলে নাসিরকে কয়েকজন ধরে শহরের দ্বিগুবাবুর বাজারে নিয়ে এসে পেটাচ্ছে—এমন খবর পেয়ে তাঁর বড় ভাই, আমি ও আরও দুজন ব্যবসায়ী বাজারে আসি। বাজারে এসে দেখি ছাত্রলীগ নামধারী শুভ দে, মেহেদি হাসানসহ ১৫-২০ জন ছেলে নাসিরকে ধরে পেটাচ্ছে। আমরা তাঁকে বাঁচাতে গেলে তারা আমাদেরও মারতে থাকে। একপর্যায়ে পুলিশ এলে তারা চলে যায়। পুলিশ নারায়ণগঞ্জ কলেজের সামনে থেকে মেহেদি হাসানকে আটক করে।
বিল্লাল হোসেন বলেন, ‘চাঁদার দাবিতে নাসিরকে মারধর করা হয়েছে বলে শুনেছি।’
নারায়ণগঞ্জ ৩০০ শয্যা হাসপাতালের জরুরি বিভাগের ডাক্তার আমিনুল ইসলাম জানান, প্রচণ্ড মারধরে নাসিরের বাঁ চোখ নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে। তাঁর মাথায় ও নাকে অস্ত্রের আঘাতের চিহ্ন রয়েছে।
দ্বিগুবাবুর বাজারের নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক দোকানদার জানান, শুভ দে নিজেকে নারায়ণগঞ্জ কলেজ ছাত্রলীগের সভাপতি ও একজন প্রভাবশালী সাংসদের ছেলের বন্ধু পরিচয় দিয়ে নারায়ণগঞ্জকলেজ ও আশপাশের এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেছে।
জেলা ছাত্রলীগের সভাপতি শেখ শাফায়েত আলম বলেন, ‘নারায়ণগঞ্জ কলেজে ছাত্রলীগের কোনো কমিটিই নেই। শুভ বা মেহেদী নামের কোনো ছাত্রলীগ কর্মীকে আমি চিনি না।’
নারায়ণগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এস এম মঞ্জুর কাদের জানান, ব্যবসায়ী নাসিরের অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে গেছেন তাঁর আত্মীয়রা। তাঁরা এসে মামলা করবেন বলে জানিয়েছেন। ঘটনায় জড়িত থাকার অভিযোগে মেহেদী নামের একজনকে আটক করা হয়েছে। মামলা হলে অভিযুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এ ব্যাপারে একাধিকবার শুভর মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও কোনো বক্তব্য পাওয়া যায়নি।