চাঁদার দাবিতে মারধরের অভিযোগে দুই ছাত্র সাময়িক বহিষ্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁদার জন্য এক ছাত্রকে মারধর করার অভিযোগে ছাত্রলীগ ও ছাত্রদলের দুই নেতাকে সাময়িক বহিষ্কার করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বহিষ্কৃত দুই নেতা হলেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সহসভাপতি মো. নাজমুল করিম ও ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন মো. উজ্জ্বল। তাঁরা কম্পিউটার সায়েন্স বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র।
গতকাল বুধবার বিশ্ববিদ্যালয়ের প্রক্টর মোহাম্মদ আলী আজগর চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘গত মঙ্গলবার ফিজিক্যাল এডুকেশন ও স্পোর্টস সায়েন্সেস বিভাগের ছাত্র মোনায়েবুর রহমানকে মারধর ও সাড়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করার ঘটনার সঙ্গে আমরা এ দুজনের সম্পৃক্ততার প্রমাণ পেয়েছি। আমরা তাঁদের দেখা করতে বললেও তাঁরা দেখা করেননি। উপাচার্য তাঁর নির্বাহী ক্ষমতা বলে এ দুজনকে সাময়িকভাবে বহিষ্কার করেছেন।’ তিনি জানান, কেন তাঁদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, তা তিন দিনের মধ্যে জানাতে তাঁদের নোটিশ দেওয়া হয়েছে।
নাজমুল করিম প্রথম আলোকে বলেন, ‘এ ঘটনার সঙ্গে আমার সম্পৃক্ততা নেই। একটি কারণ দর্শানোর নোটিশ পেয়েছি। তবে বহিষ্কারের বিষয়ে আমি কিছুই শুনিনি।’
এ ব্যাপারে জানতে ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক সালাউদ্দিন মো. উজ্জ্বলের মুঠোফোনে বারবার যোগাযোগ করা হলেও তিনি ফোন ধরেননি।
বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আলমগীর টিপু বলেন, এ বিষয়ে সাংগঠনিক ব্যবস্থা নিতে কেন্দ্রীয় ছাত্রলীগের কাছে সুপারিশ করা হবে। কারও ব্যক্তিগত কর্মকাণ্ডের দায় সংগঠন নেবে না।
বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সভাপতি খোরশেদ আলম বলেন, ‘এ ধরনের কর্মকাণ্ডের সঙ্গে ছাত্রদলের কেউ জড়িত থাকতে পারেন না। যদি ব্যক্তিগতভাবে কেউ জড়িত থাকেন, তবে তাঁর দায় সংগঠন নেবে না। আমরা চাই ঘটনাটির অধিকতর তদন্ত করে প্রকৃত রহস্য উদ্ঘাটন করা হোক।’
গত মঙ্গলবার মোনায়েবুর রহমানকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়। তিনি বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। তাঁর বাবা মাহবুবর রহমান বলেন, সালাউদ্দিন মো. উজ্জ্বল দীর্ঘদিন ধরে তাঁর পরিবারের কাছে সাড়ে তিন লাখ টাকা চাঁদা দাবি করে আসছিলেন।