চাঁদার দাবিতে সীমানা দেয়াল ভাঙল সন্ত্রাসীরা
চাঁদার দাবিতে লক্ষ্মীপুর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের সমসেরাবাদ গ্রামের এক প্রবাসীর বাড়ির সীমানা দেয়াল ভেঙে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
এ ঘটনায় ওই প্রবাসীর বড় বোন লক্ষ্মীপুর পৌরসভার সাবেক ওয়ার্ড কমিশনার লুলু বেগম সদর থানায় অভিযোগ দায়ের করেছেন।
গতকাল রোববার লক্ষ্মীপুর শহরে একটি পত্রিকার কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে প্রবাসী রুনু বেগম ও তাঁর বোন লুলু বেগম বলেন, দুই লাখ টাকা চাঁদার দাবিতে বৃহস্পতিবার বিকেলে ১০-১২ জন সন্ত্রাসী বাড়ির সীমানা দেয়াল ভেঙে দেয়। এতে বাধা দিলে সন্ত্রাসীরা তাঁদের মারধর করে। সংবাদ সম্মেলনে বলা হয়, সন্ত্রাসীদের মারধরে রুনু বেগম আহত হন। তিনি লক্ষ্মীপুর সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
সংবাদ সম্মেলনে বলা হয়, সন্ত্রাসীদের ইতিমধ্যে ১০ হাজার টাকা দেওয়া হয়েছে। কিন্তু দাবি অনুযায়ী টাকা না পাওয়ায় সন্ত্রাসীরা দেয়াল ভেঙে দেয়। সন্ত্রাসীদের অব্যাহত হুমকির কারণে তাঁরা নিরাপত্তাহীনতা ভুগছেন। এ ঘটনায় তাঁরা পুলিশ সুপার শাহ মিজান সাফিউর রহমানের কাছেও একটি লিখিত অভিযোগ দিয়েছেন। শনিবার বিকেলে সিরাজ, মারজু, মুরাদ হোসেন, আজগর, রাজন, শহীদ উদ্দিনের নাম উল্লেখ করে পাঁচজনকে আসামি করে সদর থানায় মামলা করা হয়েছে।
সদর থানার উপপরিদর্শক (এসআই) নির্মলেন্দু চাকমা জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সীমানা দেয়াল ভেঙে দেওয়ার সত্যতা পাওয়া গেছে।
লক্ষ্মীপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকবাল হোসেন বলেন, এ ব্যাপারে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।