চাঁপাইনবাবগঞ্জ থেকে অপহৃত শিশু পাবনায় উদ্ধার, আটক ২

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের নাচোল থেকে অপহরণের চার দিন পর গত মঙ্গলবার সন্ধ্যায় ওসমান আলী (১৩) নামের এক স্কুলছাত্রকে পাবনার চাটমোহর থেকে উদ্ধার করেছে র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব)। অভিযানে অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে দুজনকে আটক করা হয়েছে।
উদ্ধার হওয়া ওসমান চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার আলিশপুর গ্রামের সিরাজুল ইসলামের ছেলে ও স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্র।
আটক হওয়া দুই যুবক হলেন কুষ্টিয়ার দৌলতপুর উপজেলার মথুরাপুর শেখপাড়া গ্রামের রাজু মালিথা (৩২) ও চাটমোহর উপজেলার মহরমখালি গ্রামের মহরম হোসেন (৩৫)।
র্যা ব-১২ পাবনা ক্যাম্প সূত্রে জানা যায়, ৫ ফেব্রুয়ারি অপহরণকারীরা নাচোল থেকে ওসমানকে অপহরণ করে পাবনার ঈশ্বরদীতে নিয়ে আসে। পরে তাকে চাটমোহরে নেয়। অপহরণকারীরা ওসমানের বাবার কাছে মুঠোফোনে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ওসমানের বাবা বিষয়টি নাচোল থানা ও রাজশাহী র্যা ব-৫ কে জানান। র্যা ব-৫ মুঠোফোন ট্র্যাকিংয়ের মাধ্যমে অপহরণকারীদের অবস্থান শনাক্ত করে বিষয়টি র্যা ব-১২ পাবনা ক্যাম্পকে জানায়। শেষ পর্যন্ত গত মঙ্গলবার চাটমোহর রেলস্টেশনের পূর্ব রেলগেট এলাকা থেকে দুই অপহরণকারীকে আটক করা হয়। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে পরে ওসমানকে উদ্ধার করা হয়।
র্যা ব-১২ পাবনা ক্যাম্পের কমান্ডার মো. মনিরুজ্জামান বলেন, শিশুটিকে ল্যাপটপ, মুঠোফোন ইত্যাদির প্রলোভন দেখিয়ে অপহরণ করা হয়।
র্যা ব-১২-এর এসআই আহম্মেদ আলী বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক হওয়া ব্যক্তিরা পেশাদার অপহরণকারী। আটক মহরম হোসেনের বিরুদ্ধে নাটোর সদর থানায়ও অপহরণ মামলা রয়েছে। আটকের পর দুজনকে নাচোল থানা-পুলিশে দেওয়া হয়েছে।