চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার ওয়াহেদপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে তরিকুল ইসলাম নামের একজন বাংলাদেশি নিহত হয়েছেন। গত রোববার দিবাগত রাত আড়াইটার দিকে এ ঘটনা ঘটে। তরিকুলের বাড়ি উপজেলার জামাইপাড়া গ্রামে।
চাঁপাইনবাবগঞ্জ ৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের (বিজিবি) অপারেশন অফিসার মেজর মিন্নাত আলী গতকাল সোমবার প্রথম আলোকে জানান, রোববার রাত একটার দিকে জামাইপাড়া গ্রামের পাঁচ-ছয়জন চরপাকা-ওয়াহেদপুর সীমান্তের ১৬/৪-এস পিলারের কাছ দিয়ে ভারতে ঢোকেন। এ সময় পশ্চিমবঙ্গের মালদহ জেলার ২০ বিএসএফ ব্যাটালিয়নের চাঁদনীচক ক্যাম্পের একটি টহল দল তাঁদের চ্যালেঞ্জ করে। এ সময় তাঁরা বিএসএফের ওপর হামলা চালানোর চেষ্টা করেন। একপর্যায়ে বিএসএফের গুলিতে বিদ্ধ হন তরিকুল (৩৫)। তাঁর সহযোগীরা সেখান থেকে তাঁকে উদ্ধার করে নিয়ে আসেন। পরে তাঁর মৃত্যু হয়। তরিকুল চোরাচালানে জড়িত ছিলেন।
তবে তরিকুলের চাচা লাল মোহাম্মদ দাবি করেন, তরিকুল চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন না। তিনি সীমান্তবর্তী ভারতের বিভিন্ন গ্রামে হরেক রকমের মাল বিক্রি করতেন।
তরিকুল হত্যার প্রতিবাদ জানিয়ে বিএসএফের কাছে চিঠি দেয় বিজিবি। এরপর গতকাল সকাল সাড়ে ১০টার দিকে ওয়াহেদপুর সীমান্তে বিজিবি ও বিএসএফের কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হয়। বৈঠকে বিজিবির পক্ষে মেজর মিন্নাত আলী ও বিএসএফের পক্ষে চাঁদনীচক কোম্পানি কমান্ডার মিরাগ সিং নেতৃত্ব দেন।
তরিকুলের লাশ ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ।
বাংলাদেশি আটক: ঠাকুরগাঁও প্রতিনিধি জানিয়েছেন, জেলার বালিয়াডাঙ্গী উপজেলার বেউরঝাড়ি সীমান্তের ওপারে এজাব উদ্দিন (২৪) নামের এক বাংলাদেশি যুবককে রোববার রাতে আটক করে বিএসএফ। পরে গতকাল তাঁকে ভারতের পুলিশে সোপর্দ করা হয়।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রত্নাই মারাধর গ্রামের এজাবকে রোববার রাত ১০টার দিকে বেউরঝাড়ি সীমান্তের ৩৮০ মেইন পিলার এলাকার ওপারে ভারতের অংশ থেকে বড়বিল্লাহ বিএসএফ ক্যাম্পের সদস্যরা আটক করেন।
বিজিবির ঠাকুরগাঁও ৩০ ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল তুষার বিন ইউনুস জানান, অনুপ্রবেশ ও মাদক চোরাচালানের সঙ্গে জড়িত থাকার অভিযোগে এজাবকে পরে পুলিশে সোপর্দ করে বিএসএফ। আটকের সময় তাঁর কাছে ১০০ বোতল ফেনসিডিল পাওয়া যায় বলে বিএসএফ দাবি করেছে।