চাঁপাইনবাবগঞ্জে অস্ত্রসহ পাঁচজন গ্রেপ্তার
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আতাহার এলাকার ভাই ভাই অটো রাইস মিলের সামনে থেকে দেশীয় অস্ত্রসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পৌর এলাকার আজিমপুর মাঝপাড়ার আশিক (২০), আলীনগর ভুতপুকুরের হযরত আলী (১৯), আলীনগর হাইস্কুল মোড়ের নাহিদ (১৯), বিদিরপুরের মিলন (১৯) ও আজাইপুর দনিপাড়ার সজিব (২০)। পুলিশ বলছে, গ্রেপ্তার ব্যক্তিরা ভাই ভাই অটো রাইস মিলের এক কর্মকর্তাকে অপহরণের জন্য সেখানে গিয়েছিলেন। এ ব্যাপারে পুলিশ বাদী হয়ে গতকাল শনিবার অস্ত্র ও দ্রুত বিচার আইনে দুটি পৃথক মামলা করেছে।
তবে মিলের মালিক ও চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার মেয়র (ভারপ্রাপ্ত) সাইদুর রহমান গতকাল এক প্রেস ব্রিফিংয়ে বলেছেন, তাঁর মিলের ও আশপাশের লোকজনের হাতে আটক ওই পাঁচজন। ওই সময় সন্ত্রাসীরা তাঁর কর্মচারীদের কাছে স্বীকার করে, ব্যবসায়ী টি ইসলাম (তরিকুল ইসলাম) তাঁকে হত্যার উদ্দেশ্যে সন্ত্রাসীদের সেখানে পাঠিয়েছেন। জমিজমা নিয়ে টি ইসলামের সঙ্গে তাঁর বিরোধ রয়েছে। এই অবস্থায় তিনি জীবনের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন। তবে পুলিশ সুপার তাঁর নিরাপত্তার ব্যাপারে আশ্বস্ত করেছেন। নিজে মামলা না করার বিষয়ে তিনি বলেন, পুলিশের পরামর্শে তিনি এটা করেননি। তিনি আরও বলেন, গ্রেপ্তার হওয়া সন্ত্রাসীদের প্রথমে থানায় নেওয়া হয়নি। নিয়ে আসা হয়েছিল পুলিশ সুপারের বাসভবনে অবস্থিত তাঁর কার্যালয়ে।
বেলা ১১টার দিকে গ্রেপ্তার ব্যক্তিদের গণমাধ্যমের সামনে হাজির করা হয়। এ সময় সংক্ষিপ্ত প্রেস ব্রিফিংয়ে পুলিশ সুপার টি এম মোজাহিদুল ইসলাম জানান, ওই পাঁচজনসহ আরও চারজন একটি অটোরিকশা নিয়ে ভাই ভাই অটো রাইস মিলের ফোরম্যান সোহেলকে অপহরণ করার জন্য যান। অটো মিলের সামনে নেমে ত্রাস সৃষ্টি করার চেষ্টা করলে দারোয়ান চিৎকার শুরু করেন। এতে আশপাশের লোকজন ছুটে এসে পাঁচজনকে ধরে ফেললেও বাকিরা পালিয়ে যান। পরে পুলিশ এসে তাঁদের গ্রেপ্তার করে নিয়ে আসে। এ সময় তাঁদের কাছ
থেকে ১৩টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।
সাংবাদিকদের প্রশ্নের জবাবে পুলিশ সুপার বলেন, ওই পাঁচজনকে গ্রেপ্তারের পর অভিযোগ ওঠে তাঁদের টি ইসলাম পাঠিয়েছিলেন। কিন্তু গ্রেপ্তার ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে এমন কোনো তথ্য পায়নি পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিরা ছিনতাই-অপহরণসহ বিভিন্ন অপরাধের সঙ্গে জড়িত। তবে গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আগে কোনো মামলা হয়েছিল কি না, তা জানাতে পারেননি তিনি।