চাঁপাইনবাবগঞ্জে আসামি গুলিবিদ্ধ, দুই পুলিশ আহত
চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার শিবতলায় আজ শুক্রবার বেলা ১১টার দিকে পুলিশের গুলিতে জীবন নামের এক আসামি আহত হয়েছেন। এ সময় ককটেল বিস্ফোরণে আহত হয়েছেন পুলিশের দুই সদস্য।
গুলিবিদ্ধ জীবনকে (১৮) সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। পুলিশের আহত দুই সদস্য সদর হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।
পুলিশ জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে চাঁপাইনবাবগঞ্জে নিহত শিবিরের কর্মী আরিফুল ইসলাম (১৭) হত্যা মামলার অন্যতম আসামি জীবন। গতকাল সকাল সাড়ে নয়টার দিকে আরিফুল ইসলামকে ফুলকুঁড়ি ইসলামিক একাডেমি-সংলগ্ন রেহাইচরে দুর্বৃত্তরা কুপিয়ে হত্যা করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোর্ত্তূজা জানান, শিবিরের কর্মী আরিফুল ইসলাম হত্যা মামলার অন্যতম আসামি জীবনসহ আরও কয়েকজন শিবতলার একটি গলিতে জড়ো হয়েছে, এমন খবরের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় তারা পুলিশকে লক্ষ্য করে বেশ কয়েকটি ককটেল ছোড়ে। এতে সদর থানার উপপরিদর্শক (এসআই) মনিরুল ইসলাম ও কনস্টেবল বাসেদুজ্জামান আহত হলে পাল্টা গুলি ছোড়ে পুলিশ। এ সময় ডান পায়ে গুলি লাগে জীবনের। পুলিশ ঘটনাস্থল থেকে জীবন, সোহেল রানা (২২) ও তাঁর ভাই জুয়েলকে (২৪) গ্রেপ্তার করে। শেষের দুজনও এ মামলার আসামি।
ওসি আরও জানান, গত বৃহস্পতিবার রাতে নিহত আরিফুলের ভাই মাসুদ রানা বাদী হয়ে সদর থানায় ১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত ১০ জনকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন। আসামিদের অধিকাংশই শিবিরের কর্মী। অন্তর্দ্বন্দ্বের কারণে আরিফুলকে তাঁর সহযোগীরা হত্যা করেছেন অভিযোগ করা হয়েছে।