চাঁপাইনবাবগঞ্জে এক বাড়ি থেকে বিদেশি ২২টি পিস্তল উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার একটি বাড়ি থেকে ২২টি বিদেশি পিস্তল, ১৩৬টি গুলি ও ৪৫টি ম্যাগাজিন উদ্ধার করেছে পুলিশ। গতকাল সোমবার বিকেল তিনটার দিকে শংকরবাটি মহল্লার ওই বাড়িতে অভিযান চালিয়ে এসব অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে পুলিশ সুপার (এসপি) টি এম মোজাহিদুল ইসলামের নেতৃত্বে পুলিশ ভাড়া দেওয়া বাড়িটিতে অভিযান চালায়। এ সময় এসব অস্ত্র, গুলি ও ম্যাগাজিন উদ্ধার করা হয়। বাড়ির একটি অংশে ছাগলের খামার রয়েছে। সেখান থেকে ২৯টি ছাগলও জব্দ করা হয়েছে।
বাড়িটির মালিক মো. শাহিন নামে এলাকার একজন বাসিন্দা। তিনি যশোরে সরকারি চাকরি করেন বলে পুলিশ জানায়। অস্ত্রের ব্যাপারে জিজ্ঞাসাবাদের জন্য শাহিনের সৎমাকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। পুলিশ বলেছে, তাঁকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য এখনই প্রকাশ করা সম্ভব নয়। এখনো কোনো মামলা হয়নি।
অস্ত্র উদ্ধারের পর সাংবাদিকদের কাছে পুলিশ সুপার দাবি করেন, নাশকতার জন্য অস্ত্রগুলো দেশের বাইরে থেকে থেকে এনে বাড়িটিতে জড়ো করা হয়েছিল। এগুলো ছাগলের ট্রাকে করে জেলার বাইরে বিভিন্ন স্থানে নিয়ে যাওয়ারও উদ্যোগ নেওয়া হয়েছিল। পুলিশের অভিযানের আগেই ঘটনার সঙ্গে জড়িত লোকেরা গা ঢাকা দিয়েছেন। তবে তাঁদের পরিচয় নিয়ে পুলিশ কিছু জানায়নি।