চাঁপাইনবাবগঞ্জে এক ব্যক্তিকে কুপিয়ে খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউপির দশরশিয়া গ্রামে এক ব্যক্তিকে গত শনিবার রাতে কুপিয়ে হত্যা করা হয়েছে। আওয়ামী লীগের স্থানীয় দুটি পক্ষের বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে।
নিহত ব্যক্তির নাম ইসমাইল হোসেন (৩০)। তিনি সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের দশরশিয়া বেলদারপাড়া গ্রামের মো. আলাউদ্দিনের ছেলে। গতকাল রোববার গ্রামের একটি আমবাগান থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম বলেন, ইসমাইলকে গত শনিবার রাত ১০টার দিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যাওয়া হয়। পরদিন সকালে বাড়ির পেছনে একটি আমবাগানে তাঁর ক্ষতবিক্ষত লাশ দেখতে পেয়ে স্থানীয় লোকজন পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে পাঠায়। ইসমাইলের গলা ও সারা শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন আছে।
ওসি আরও বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তারুজ্জামান ও জসিম উদ্দিন পক্ষের বিরোধের জের ধরে ইসমাইল হোসেন নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে। জসিম উদ্দিনের সমর্থক ছিলেন ইসমাইল। এ ব্যাপারে নিহত ইসমাইল হোসেনের স্ত্রী মেহেরুন বাদী হয়ে আক্তারুজ্জামানসহ ২০-২২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় ১০ জন বাসিন্দা বলেন, ইসলামপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান আক্তারুজ্জামান ও তাঁর প্রতিপক্ষ সদর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিনের বিরোধের জের ধরে এলাকায় একাধিক সংঘর্ষ হয়েছে। দুই পক্ষের নামে পাল্টাপাল্টি ১০ থেকে ১২টি মামলাও রয়েছে।
আক্তারুজ্জামান বলেন, চাকরি দেওয়ার নাম করে জসীম উদ্দিন লোকজনের কাছে টাকা নিয়ে আত্মসাৎ করেছেন। এর প্রতিবাদ করায় জসীম উদ্দিনের সঙ্গে তাঁর বিরোধ বেড়েছে। স্থানীয় সাংসদ ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবদুল ওদুদের মদদে জসীম উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক হন।
এদিকে এসব বিষয়ে জসিম উদ্দিনের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। সাংসদ আবদুল ওদুদ প্রথম আলোকে বলেন, স্থানীয় আওয়ামী লীগের বিবদমান দুই পক্ষের মধ্যকার দ্বন্দ্ব নিরসনের ব্যাপারে উদ্যোগ নেওয়া হয়। এ নিয়ে সালিসও হয়েছে। কিন্তু আক্তারুজ্জামানের অসহযোগিতার কারণে তখন মীমাংসা হয়নি।