চাঁপাইনবাবগঞ্জে ককটেল বিস্ফোরণে চারজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার রেল স্টেশন সংলগ্ন চণ্ডীতলা এলাকায় শনিবার বিকেলে দুর্বৃত্তদের ছোড়া ককটেল বিস্ফোরণে চারজন আহত হয়েছে। এদের মধ্যে দুজনকে হাসপাতালে পাঠানো হয়েছে।
আহতরা হলেন: সদর উপজেলার আতাহার এলাকার সেলিম উদ্দিনের ছেলে নাহিদ (২৫), চণ্ডীতলা এলাকার আজিজুর রহমানের ছেলে সাইদুল ইসলাম (৪০), আলীনগর এলাকার গুলজার আলীর ছেলে সাদরুল (৩০) ও হুজরাপুর এলাকার মোহাম্মদ বিশু (৫৫)। এদের মধ্যে নাহিদ ও সাইদুল ইসলামকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম জানান, পূর্ববিরোধের জের ধরে বিকেলে চণ্ডীতলা এলাকায় টুটুল ও হাসিবুল পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষে চারটি ককটেল বিস্ফোরণের ঘটানো হয়। এতে আহত চারজনই সাধারণ মানুষ। এলাকায় প্রভাব প্রতিপত্তি বিস্তারকে কেন্দ্র করে উভয় পক্ষের মধ্যে দ্বন্দ্ব চলছিল। এ ঘটনায় থানায় এখন পর্যন্ত কেউ অভিযোগ করেনি। এ ঘটনায় এমরান আলী নামের একজনকে (২৮) আটক করা হয়েছে।
চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুহুল আমিন জানান, চণ্ডীতলার ঘটনায় হাসপাতালে চারজন চিকিৎসা নিয়েছেন। এদের মধ্যে নাহিদের ডান চোখ স্প্লিন্টারের আঘাতে ক্ষতিগ্রস্ত ও সাইদুল ইসলামের শরীরে অনেকগুলো স্প্লিন্টার বিদ্ধ হওয়ায় তাঁদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। সাদরুল চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে চিকিৎসাধীন ও বিশুকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে।