চাঁপাইনবাবগঞ্জে জাপার নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের সালিমডোল পাড়ায় জাতীয় পার্টির (ইউপি) নির্বাচনী কার্যালয় ভাঙচুরের অভিযোগ উঠেছে আওয়ামী লীগের বিরুদ্ধে। গত মঙ্গলবার রাত ১২টার দিকে এ ঘটনা ঘটেছে বলেছ রিটার্নিং কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ করা হয়েছে।
লিখিত অভিযোগে জাতীয় পার্টির প্রার্থী নজরুল ইসলাম উল্লেখ করেন, মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে মিলাদ মাহফিল ও পথসভার মাধ্যমে সালিমডোল পাড়া (ঝাপড়া পাড়া) ৯ নম্বর ওয়ার্ডের সাহেব আলীর বাড়িসংলগ্ন নির্বাচনী কার্যালয় উদ্বোধন করা হয়। কয়েক ঘণ্টার ব্যবধানে রাত ১২টার দিকে তিনি জানতে পারেন, নৌকা প্রতীকের লোকজন কার্যালয় ভাঙচুর করে। তিনি বিষয়টি নবাবগঞ্জ সদর থানার ওসিকে জানান।
নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বুধবার সন্ধ্যা সাড়ে ছয়টা পর্যন্ত কোনো ব্যবস্থা গ্রহণ করা হয়নি।
রিটার্নিং কর্মকর্তা ও সদর উপজেলা নির্বাচন কর্মকর্তা সাইফুল ইসলাম প্রথম আলোকে বলেন, সদর থানার ওসিকে বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে। তদন্ত শেষে ব্যবস্থা নেওয়া হবে।
সদর থানার ওসি মাযহারুল ইসলাম জানান, অভিযোগ পেয়ে তিনি মঙ্গলবার রাতেই এলাকায় গিয়েছিলেন। কিন্তু কার্যালয়ের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি।
তিনি আরও জানান, রিটার্নিং কর্মকর্তার কাছ থেকে লিখিত কোনো নির্দেশনা পাওয়া যায়নি। লিখিত নির্দেশনা পাওয়া গেলে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।
নৌকা প্রতীকের প্রার্থী এজাবুল হক বলেন, নজরুল ইসলামের অভিযোগ ভিত্তিহীন। অসৎ উদ্দেশ্য নিয়েই তিনি এসব অভিযোগ করছেন।