চাঁপাইনবাবগঞ্জে জেএমবি সন্দেহে গ্রেপ্তার ৩

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নিষিদ্ধঘোষিত জঙ্গি সংগঠন জামাআতুল মুজাহিদীন বাংলাদেশের (জেএমবি) সন্দেহভাজন তিন সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাব। উপজেলার ঝিলিম ইউনিয়নের চটিগ্রাম এলাকার বাবুডাইং-আমনুরা সড়ক থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন শিবগঞ্জ উপজেলার চাকলা গ্রামের আবদুর রহমান (৫৬), চাতরা গ্রামের হারুনুর রশীদ (৪৮) ও কয়লাদিয়াড় এলাকার গোলাম আজম (৩৯)।
চাঁপাইনবাবগঞ্জে র্যাব-৫ ক্যাম্পের কোম্পানি কমান্ডার স্কোয়াড্রন লিডার মোহাম্মদ সাঈদ আবদুল্লাহ আল মুরাদ আজ বৃহস্পতিবার এক ব্রিফিংয়ে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার মধ্যরাতে বাবুডাইং-আমনুরা সড়কের চটিগ্রাম এলাকায় অভিযান চালায় র্যাব-৫। এ সময় একটি পেয়ারা বাগানের ছাপরা ঘরের ভেতর থেকে চারটি জিহাদি বই ও দুটি জিহাদি ম্যাগাজিনসহ তাঁদের গ্রেপ্তার করা হয়। তাঁরা জেএমবির সক্রিয় সদস্য। এ ঘটনায় সদর থানায় মামলা করা হয়েছে।