চাঁপাইনবাবগঞ্জে তিন জঙ্গির দাফন সম্পন্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে জঙ্গি আস্তানায় র‍্যাবের অভিযানে নিহত তিন জঙ্গির ময়নাতদন্ত শেষে দাফন সম্পন্ন হয়েছে। আজ বুধবার দুপুরে সদর হাসপাতালে ময়নাতদন্ত শেষে লাশগুলো পৌর কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করে পুলিশ। পরে পৌরসভার উদ্যোগে শহরের ফকিরপাড়া গোরস্থানে বেওয়ারিশ লাশ হিসেবে তাঁদের দাফন করা হয়।

গত সোমবার গভীর রাতে সদর উপজেলার আলাতুলি ইউনিয়নে পদ্মা নদীর মধ্যচর এলাকার একটি জঙ্গি আস্তানায় র‍্যাবের অভিযানে ওই তিনজন নিহত হয়। তবে আজ বিকেল পর্যন্ত এ ঘটনায় কোনো মামলা হয়নি বলে জানিয়েছেন সদর থানার পরিদর্শক (তদন্ত) আতিকুল ইসলাম।

জঙ্গি আস্তানা হিসেবে ব্যবহার করা বাথান বাড়িটির মালিক রাশিকুল ইসলামের স্ত্রী নাজমা বেগম, শ্বশুর খোরশেদ আলী ও শাশুড়ি মিনারা বেগম এখন র‍্যাবের হেফাজতে রয়েছেন।

র‍্যাব-৫ এর রাজশাহীর কোম্পানি কমান্ডার মেজর এম আশরাফুল ইসলাম প্রথম আলোকে বলেন, জিজ্ঞাসাবাদে রাশিকুলের স্ত্রী, শ্বশুর ও শাশুড়িকে হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় মামলার বিষয়টি প্রক্রিয়াধীন।

র‍্যাব-৫ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম প্রথম আলোকে বলেন, নিহত জঙ্গিদের পরিচয় এখনো পাওয়া যায়নি। পরিচয় নিশ্চিত হওয়ার জন্য ডিএনএ পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়েছে।

বুধবার প্রথম আলোয় ‘ঢাকা থেকে পদ্মার চরে র‍্যাবের জঙ্গিবিরোধী অভিযানে নিহত ৩’ শিরোনামে প্রকাশিত সংবাদে আলাতুলি ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান কামরুল আহসানের বক্তব্য রয়েছে। প্রথম আলোকে দেওয়া বক্তব্যে তিনি বলেছেন, ‘র‍্যাবের সঙ্গে আমার কোনো কথা হয়নি’। এই বক্তব্যের প্রতিবাদ জানিয়ে লেফটেন্যান্ট কর্নেল মাহবুব আলম বলেন, চেয়ারম্যানের সঙ্গে র‍্যাবের কয়েকজন ঊর্ধ্বতন কর্মকর্তার কথা হয়েছে।

গত সোমবার দিবাগত রাত থেকে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার আলাতুলি ইউনিয়নের মধ্য চরের জঙ্গি আস্তানাটি ঘেরাও করে র‍্যাব। অভিযানের একপর্যায়ে জঙ্গিরা গুলি ছোড়ে ও বোমার বিস্ফোরণ ঘটায়। পরে সেখান থেকে তিন জঙ্গির ছিন্নভিন্ন লাশ উদ্ধার করা হয়। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, সাতটি হাতে তৈরি গ্রেনেড, বেশ কিছু পাওয়ার জেল, বিস্ফোরক দ্রব্য ও বোমা তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়।