চাঁপাইনবাবগঞ্জে দুই পক্ষের সংঘর্ষে আহত ২২
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার ইসলামপুর ইউনিয়নের দশ রশিয়া গ্রামে গতকাল সোমবার সকালে দুই পক্ষের সংঘর্ষে ২২ জন আহত হয়েছেন।
এলাকাবাসী সূত্র ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মর্ত্তুজা বলেন, সৌদি আরবের সঙ্গে মিল রেখে এক দিন আগে ঈদের নামাজ পড়াকে কেন্দ্র করে ইসলামপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য আবদুল কাইয়ুম ও একরামুলের সমর্থক দুই দল বিরোধে জড়িয়ে পড়ে। এর জের ধরে গতকাল সকালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। উভয় পক্ষের ছোড়া ককটেল ও ধারালো অস্ত্রের আঘাতে কমপক্ষে ২২ জন আহত হন। এদের মধ্যে একরামুলের সমর্থক হাবিবুর রহমান, রফিকুল ইসলাম ও সোলায়মানকে গুরুতর আহত অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি গোলাম মর্ত্তুজা আরও বলেন, একরামুল ও আবদুল কাইয়ুম দুজন চাচাতো ভাই। এদের মধ্যে জমিজমা নিয়ে বিরোধ রয়েছে। মূলত এই বিরোধ থেকেই সংঘর্ষের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।