চাঁপাইনবাবগঞ্জে দুই সাংবাদিককে পেটানোয় মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন এবং দৈনিক খোলা কাগজ-এর স্থানীয় প্রতিনিধি আবদুর রবসহ চার ব্যক্তিকে মারধরের ঘটনায় মামলা হয়েছে। এ ছাড়া ওই ঘটনার প্রতিবাদে রাজশাহীতে মানববন্ধন হয়েছে।
সাংবাদিক আনোয়ার হোসেন বাদী হয়ে চাঁপাইনবাবগঞ্জ শহরের ব্যবসায়ী তরিকুল ইসলামসহ সাতজন এবং অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করে গতকাল রোববার নাচোল থানায় মামলা করেন। অন্য আসামিরা হলেন নাচোলের মানিকাড়া গ্রামের ইকবাল, লক্ষ্মীপুর গ্রামের কিবরিয়া, সদর উপজেলার টংপাড়া গ্রামের আবদুল খালেক ওরফে হাবু, গোলাম রাব্বানী এবং পুরাতন বাজারের বকুল ও সানাউল।
এর আগে তরিকুল ইসলাম সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের টংপাড়া গ্রামের ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষদের ভোগদখলে থাকা একটি পুকুরে বিষ মিশিয়ে মাছ মেরে ফেলার অভিযোগে আনোয়ার হোসেনসহ ২৪ জনকে আসামি করে একটি মামলা করেন।
নাচোল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফাছিরউদ্দিন জানান, পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
এদিকে সাংবাদিকসহ চারজনকে পিটিয়ে জখম করার ঘটনার প্রতিবাদে প্রথম আলো বন্ধুসভা রাজশাহীর আয়োজনে গতকাল বিকেলে নগরের সাহেববাজার জিরো পয়েন্টে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
নাচোলের মানিকাড়া গ্রামে গত শুক্রবার দুপুরে দুই সাংবাদিকসহ চার ব্যক্তির ওপর হামলা চালায় দুর্বৃত্তরা।