চাঁপাইনবাবগঞ্জে দুই 'ভুয়া সাংবাদিক' কারাগারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জে পুলিশের হাতে গ্রেপ্তার হওয়া দুই ‘ভুয়া সাংবাদিককে’ আজ রোববার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। সাংবাদিক বলে ভুয়া পরিচয় ব্যবহার করার অভিযোগে গতকাল শনিবার ওই দুজনের নামে মামলা করে পুলিশ। ওই দিনই তাঁদের আটক করা হয়।
কারাগারে পাঠানো ওই দুই ব্যক্তি হলেন: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সোনার মোড় এলাকার রমজান আলী বিশ্বাসের ছেলে মোরসালিন হক ও সদর উপজেলার রামচন্দ্রপুর হাট এলাকার মহফিল উদ্দীনের ছেলে ফয়সাল আজম।
চাঁপাইনবাবগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম জানান, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) দেওয়া তথ্যের ভিত্তিতে শনিবার দুপুরে তাঁদের শহরের শাহ্‌ নেয়ামতুল্লাহ কলেজ মোড় থেকে ওই দুজনকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে সংবাদপত্র ও অনলাইন নিউজ পোর্টালের পাঁচটি পরিচয়পত্র পাওয়া যায়। এ ছাড়া দুটি ক্যামেরা ও নিবন্ধনবিহীন একটি মোটরসাইকেল জব্দ করা হয়। তাঁরা সাংবাদিক পরিচয়ে বিভিন্ন ব্যক্তির কাছ থেকে দীর্ঘদিন ধরে চাঁদা আদায় করে আসছে বলে অভিযোগ রয়েছে।