চাঁপাইনবাবগঞ্জে নিহত আরেকজনের পরিচয় প্রকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় জঙ্গি আস্তানায় অভিযানে নিহত চারজনের একজন ঝিনাইদহের আস্তানা থেকে পালিয়ে যাওয়া ‘জঙ্গি’ বলে জানিয়েছে পুলিশ। তাঁর নাম আবদুল্লাহ। তিনি ধর্মান্তরিত মুসলমান ছিলেন। এ নিয়ে ওই অভিযানে নিহত দুজনের পরিচয় প্রকাশ করল পুলিশ। পুলিশ বলছে, ওই বাড়িটিকে নব্য জেএমবির সদস্যরা ‘স্টোর হাউস’ হিসেবে ব্যবহার করতেন বলে তাদের ধারণা।

গতকাল শনিবার ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম এসব কথা বলেন। নিহত অন্যজন হলেন রফিকুল ইসলাম আবু। তিনি ওই বাড়িতে স্ত্রী সুমাইয়া (২১) ও সন্তান সাদিকাকে (৫) নিয়ে থাকতেন। অভিযানে চারজন নিহত হলেও সুমাইয়া ও সাদিকাকে জীবিত অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।

এদিকে অভিযানে নিহত চারজনের লাশ গত শুক্রবার মধ্যরাতে শহরের ফকিরপাড়ায় পৌরসভার কবরস্থানে বেওয়ারিশ হিসেবে দাফন করা হয়েছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় পুলিশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে শুক্রবার রাতে একটি মামলা দায়ের করেছে। মামলার বাদী থানার উপপরিদর্শক (এসআই) আবদুস সালাম বলেন, নিহত আবু ও অজ্ঞাত তিনজন এবং আবুর স্ত্রীসহ অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করা হয়।

২২ এপ্রিল ঝিনাইদহের একটি বাড়িতে কাউন্টার টেররিজম ইউনিট ‘সাউথ-প’ নামে অভিযান চালায়। সেখানে কাউকে না পাওয়া গেলেও পুলিশ প্রচুর বিস্ফোরক উদ্ধারের খবর জানায়। কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, ঝিনাইদহের ওই বাড়িতে ধর্মান্তরিত মুসলিম আবদুল্লাহ বাস করতেন। পরে তিনি চাঁপাইনবাবগঞ্জের রফিকুল ইসলাম আবুর বাড়িতে যান। অভিযানে আবুও নিহত হন। গ্রেপ্তার হওয়ার পর আবুর স্ত্রী সুমাইয়া খাতুন জিজ্ঞাসাবাদ বলেন, সম্প্রতি ঝিনাইদহ থেকে তাঁদের বাড়িতে দুজন এসেছিলেন। ‘জঙ্গি’ আবদুল্লাহর ছবি মিলিয়েও এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে। আবদুল্লাহ ও তাঁর সঙ্গী বিস্ফোরক নিয়ে চাঁপাইনবাবগঞ্জের আস্তানায় গিয়েছিলেন বলে তাঁর ধারণা।

মনিরুল ইসলাম বলেন, নিহত চারজনের মধ্যে দুজন আত্মঘাতী হয়েছেন বলে তাঁদের ধারণা। বাকি দুজন পুলিশের সঙ্গে গুলিবিনিময়ে মারা যেতে পারেন। তিনি বলেন, আবু তাঁর স্ত্রীর হাত ধরে জঙ্গিবাদে জড়িয়েছিলেন। আর তাঁর ও তাঁর স্ত্রী উভয়ের পরিবার জামায়াতে ইসলামীর রাজনীতির সঙ্গে যুক্ত বলে স্থানীয় ব্যক্তিরা জানিয়েছেন। তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জের জঙ্গি আস্তানা থেকে যেসব বিস্ফোরক উদ্ধার হয়েছে, দেখে মনে হয়েছে সেগুলো বাইরে থেকে আনা হয়েছে।

প্রথম আলোর চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি জানান, নিহত চারজনের মধ্যে রফিকুল ইসলাম ওরফে আবু ছাড়া বাকি তিনজনের লাশ ‘অজ্ঞাতনামা’ হিসেবে দাফন করা হয়েছে। সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাবের রেজা আহমেদ এ তথ্য জানিয়েছেন।

জঙ্গি আস্তানা সন্দেহে ত্রিমোহনী শিবনগর গ্রামের একটি বাড়ি গত বুধবার ভোরে ঘেরাও করে ঢাকা মহানগর পুলিশের কাউন্টার টেররিজম ইউনিট ও জেলা পুলিশ। দুই দিনের অভিযান শেষে চারজন নিহত হন বলে পুলিশ জানায়। গত বৃহস্পতিবার বাড়িটি থেকে আবুর স্ত্রী সুমাইয়াকে আহত ও তাঁর শিশুসন্তান সাদিকাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়। আবুর স্ত্রী সুমাইয়াকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ও সাদিকাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়।

সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা আয়শা জুলেখা বলেন, গত শুক্রবার রাতে পুলিশ হাসপাতাল থেকে তাঁদের হেফাজতে নেয় সাদিকাকে। শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম বলেন, আবুর পাঁচ বছরের মেয়ে সাদিকাকে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতাল থেকে পুলিশ গত শুক্রবার রাতে আদালতের মাধ্যমে রাজশাহী ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠিয়েছে।