চাঁপাইনবাবগঞ্জে পারিবারিক বিরোধে যুবক নিহত
পারিবারিক বিরোধের জের ধরে চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ফাইজুদ্দিন (২৫) নামের এক যুবক নিহত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল রোববার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তিনি উপজেলার মকরমপুর গ্রামের আনারুল ইসলামের ছেলে।
এ হত্যাকাণ্ডের ঘটনায় গোমস্তাপুর থানায় একটি হত্যা মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অভিযোগে আল আমিন (১৯) নামের এক তরুণকে পুলিশ গ্রেপ্তার করেছে।
গোমস্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ শাহীন কামালের ভাষ্য, ফাইজুদ্দিনের বাবা আনারুল ইসলামের দুই স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক বিরোধ চলে আসছিল। এরই জেরে গতকাল রাতে আনারুল ইসলামের দ্বিতীয় স্ত্রীর ভাই আমির হামজা প্রথম স্ত্রীর সন্তান ফাইজুদ্দিনকে ধারালো অস্ত্র দিয়ে কোপ দেন। এতে ঘটনাস্থলেই ফাইজুদ্দিনের মৃত্যু হয়।
ওসি আরও বলেন, গতকাল রাতেই আনারুল ইসলাম বাদী হয়ে আমির হামজা ও তাঁর সহযোগী আল আমিনকে আসামি করে গোমস্তাপুর থানায় হত্যা মামলা করেন। আল আমিনকে রাতেই গ্রেপ্তার করা হয়েছে। তবে আমির হামজা পালিয়ে গেছেন। ফাইজুদ্দিনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে তিনি জানান।