চাঁপাইনবাবগঞ্জে মাটি চাপা পড়া অবস্থায় দুই লাশ উদ্ধার
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার উজিরপুর এলাকায় পদ্মা নদীর তীরে মাটি চাপা পড়া অবস্থায় দুই ব্যক্তির মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ রোববার নয়টার দিকে ঘটনাস্থল থেকে পুলিশ লাশ দুটি উদ্ধার করে।
নিহত ব্যক্তিরা হলেন উপজেলার পাঁকা ইউনিয়নের বাবুপুর গ্রামের সেরাজুল ইসলাম (৪৫) ও মোহাম্মদ খুদু (৩৫)। পাঁকা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবদুল মালেক নিহত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করেছেন।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম ময়নুল ইসলাম বলেন, পদ্মার নদীর পাড়ে মাটি চাপা পড়া অবস্থায় দুই ব্যক্তির লাশ পড়ে রয়েছে-স্থানীয়দের কাছ থেকে এমন সংবাদ পায় পুলিশ। এরপর পুলিশ ঘটনাস্থল থেকে লাশ দুটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের মর্গে পাঠায়।
ওসি আরও বলেন, পদ্মার নদীর ভাঙন থেকে শহর রক্ষা করতে জিও ব্যাগে বালু ভরে ফেলা হয়। নদী ভাঙন প্রতিরোধের জন্য করা তিন নম্বর বাঁধের কাছে তাঁদের লাশ পাওয়া যায়। নিহত ব্যক্তিদের শরীরের ওপর পড়ে থাকা মাটির বড় দলা দেখে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জিও ব্যাগ সরিয়ে নেওয়ায় তাঁরা মাটিচাপা পড়েছেন।