চাঁপাইনবাবগঞ্জে সংঘর্ষে নিহত ১
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কানসাটে গতকাল সোমবার আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিএনপি-জামায়াতে ইসলামীর সংঘর্ষে একজন নিহত ও অন্তত ১৪ জন আহত হয়েছেন। বেলা তিনটা থেকে বিকেল সাড়ে পাঁচটা পর্যন্ত সেখানে দফায় দফায় সংঘর্ষ হয়।
নিহত ব্যক্তির নাম জমসেদ আলী। বিএনপি তাঁকে নিজেদের কর্মী বলে দাবি করেছে। জমসেদ নিহত হওয়ার প্রতিবাদে আজ মঙ্গলবার চাঁপাইনবাবগঞ্জ জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে ২০-দলীয় জোট।
চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, ১৪৪ ধারা ভেঙে গতকাল বেলা তিনটার দিকে বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা কানসাট ইউনিয়নের গোপালনগর মোড়ে পূর্বনির্ধারিত মিছিল বের করেন। মিছিলটি একপর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধার মুখে পড়ে। এ সময় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে লক্ষ্য করে বিএনপি ও জামায়াতের নেতা-কর্মীরা শতাধিক ককটেল নিক্ষেপ করেন। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী জবাবে রাবার বুলেট, কাঁদানে গ্যাসের শেল ও রাইফেলের গুলি ছোড়ে। এতে কমপক্ষে ১৫ জন আহত হন। তাঁদের মধ্যে এরফান আলী ও মো. বুলবুলকে শিবগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার আল মামুন জানান, বিএনপি-জামায়াতের নেতা-কর্মীরা লাঠিসোঁটা ও ককটেল নিয়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর হামলা চালান। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১৬৫টি শটগানের গুলি ও কাঁদানে গ্যাসের ১২টি শেল এবং বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) রাইফেলের কয়েকটি গুলি ছোড়ে। বিকেল পাঁচটার দিকে সংঘর্ষে সাতজন পুলিশ সদস্য ও বিএনপি-জামায়াতের কয়েকজন কর্মী আহত হন। তাঁদের মধ্যে গুরুতর আহত জমসেদসহ তিনজনকে শিবগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে জমসেদকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে সন্ধ্যার দিকে তিনি মারা যান।
জেলা বিএনপির সভাপতি সাবেক সাংসদ শাহজাহান মিঞা প্রথম আলোকে জানান, নিহত জমসেদ আলী বিএনপির কর্মী। তাঁর বাড়ি শিবগঞ্জের কানসাটের শিবনগরে। জমসেদ নিহত হওয়ার প্রতিবাদে ২০-দলীয় জোটের পক্ষ থেকে আজ জেলাব্যাপী সকাল-সন্ধ্যা হরতাল ডাকা হয়েছে।
গতকাল কানসাটের গোপালনগর মোড়ে উপজেলা বিএনপি পথসভা ও কানসাট ডিগ্রি কলেজে উপজেলা আওয়ামী লীগ জনসভা আহ্বান করে। এ নিয়ে উভয় পক্ষে উত্তেজনা বিরাজ করায় গতকাল বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত সেখানে ১৪৪ ধারা জারি করা হয় বলে জানান শিবগঞ্জ ইউএনও সৈয়দ ইরতিজা হাসান।