চাঁপাইনবাবগঞ্জে সাঁওতাল যুবকের রহস্যজনক মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার জুগিডাইং গ্রামের সাঁওতাল যুবক মানিয়েল হেমব্রমের (২৪) রহস্যজনক মৃত্যু হয়েছে। আজ রোববার সকালে সদর থানা-পুলিশ গ্রামের পাশে একটি আমগাছের ডালের সঙ্গে গলায় ওড়না প্যাঁচানো ও হাঁটু গেড়ে বসা অবস্থায় সাঁওতাল যুবকের লাশ উদ্ধার করে। এ ব্যাপারে মা রানী মুরমু বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করেন।

সদর হাসপাতালের চিকিৎসক শফিকুল ইসলাম ও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাযহারুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে ঘটনাটিকে আত্মহত্যা বলেই ধারণা করা হচ্ছে। তবে ভিসেরা প্রতিবেদন পাওয়ার পরই চূড়ান্তভাবে বলা যাবে ঘটনাটি হত্যা না আত্মহত্যা।
তবে গ্রামের লক্ষ্মী হেমব্রম (৪৫), লাল হেমব্রম (৫২), দুলারী মার্ডি (৭০), মুদি দোকানদার রুহুল আমীন (৪০) ও আরও কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, ছোট গাছের ডালের সঙ্গে গলায় বাঁধা ওড়না ও হাঁটু গেড়ে বসা অবস্থায় লাশ উদ্ধারের ঘটনায় মানুষের মনে প্রশ্ন দেখা দিয়েছে ঘটনাটি হত্যা না আত্মহত্যা?
গ্রামবাসীর বরাত দিয়ে উত্তরবঙ্গ আদিবাসী ফোরামের সভাপতি হিংগু মুরমু প্রথম আলোকে বলেন, ম্যানিয়েল হেমব্রমের মৃত্যু রহস্যজনক। এ রহস্য উদঘাটনের দাবি জানাই।
মানিয়েল হেমব্রম রাজশাহীর পুঠিয়া উপজেলার খোকশা গ্রামের মৃত স্টেফান হেমব্রমের ছেলে। তিনি মাকে নিয়ে জুগিডাইং গ্রামে মামা লন হেমব্রমের বাড়িতে প্রায় তিন বছর ধরে বসবাস করছিলেন। তিনি চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন।