চাঁপাইনবাবগঞ্জে সাংসদের বাড়িতে শিশুকে বেঁধে রাখা হয় দুপুর-সন্ধ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির সাবেক সাংসদ ও দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদের চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়ার বাড়িতে গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শিশুটিকে বেঁধে রাখা হয় চুরির অভিযোগে l ছবি: প্রথম আলো
বিএনপির সাবেক সাংসদ ও দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব হারুনুর রশিদের চাঁপাইনবাবগঞ্জ শহরের পাঠানপাড়ার বাড়িতে গতকাল দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত শিশুটিকে বেঁধে রাখা হয় চুরির অভিযোগে l ছবি: প্রথম আলো

চুরির চেষ্টার অভিযোগে এক শিশুকে চাঁপাইনবাবগঞ্জ সদর আসনের সাবেক সাংসদ ও বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব হারুনুর রশিদের শহরের পাঠানপাড়ার বাড়ির গ্রিলের সঙ্গে গতকাল সোমবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত বেঁধে রাখা হয়।
শিশুটির নাম আলিম (১২)। সে পৌর এলাকার মিলকি বাগানপাড়ার মজিবুর রহমানের ছেলে। আলিম বলে, সে কবুতর চুরি করতে গিয়েছিল ঠিকই। কিন্তু চুরি সে করেনি। তার অভিযোগ, দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত পিছমোড়া করে রশি দিয়ে সাবেক এই সাংসদের বাসার গ্রিলের সঙ্গে বেঁধে রাখা হয়। এ সময় তাকে কিছু খেতে দেওয়া হয়নি। পরে রাত আটটার দিকে পুলিশ এসে তাকে উদ্ধার করে। এরপর তার বাবাকে খুঁজে বের করা হয়।
শিশুটিকে বেঁধে রাখার ঘটনা স্বীকার করে হারুনুর রশিদ প্রথম আলোকে বলেন, আলিম গতকাল বেলা ১১টার দিকে সদর উপজেলার দক্ষিণ শহরের কাছে তাঁর খামারবাড়িতে কবুতর চুরি করছিল। এ সময় বর্গাচাষির হাতে সে ধরা পড়ে। এরপর আলিমকে তাঁর (হারুনুর রশিদ) শহরের বাসায় আনা হয়। সেখান থেকে থানায় পাঠানো হয়। কিন্তু সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কোনো ব্যবস্থা নেননি। শিশুটিকে আবার তাঁর কাছে পাঠিয়ে দিয়ে বলা হয়, তিনিই যেন ব্যবস্থা নেন।
হারুনর রশিদ আরও বলেন, ‘আমি বিকেলে বাইরে গেলে বাড়িতে আর কেউ ছিল না। এ কারণে বাড়ির নিরাপত্তার স্বার্থে তাকে (আলিম) বেঁধে রাখতে বলি। তা ছাড়া তাৎক্ষণিকভাবে শিশুটির পরিচয়ও পাওয়া যায়নি।’
রাত ১০টার দিকে জানতে চাইলে সদর থানার ওসি মাযহারুল ইসলাম বলেন, হারুনুর রশিদ তাঁর একজন লোক দিয়ে শিশুটিকে থানায় পাঠিয়েছিলেন। কর্তব্যরত কর্মকর্তা এ ঘটনায় লিখিত অভিযোগ দিতে বলেন। কিন্তু লোকটি কোনো লিখিত অভিযোগ না দিয়ে শিশুটিকে নিয়ে আবার চলে যান। রাতে পুলিশ ওই বাসা থেকে শিশুটিকে উদ্ধার করে। তার অভিভাবককে থানায় আনা হয়েছে। শিশুটিকে অমানবিকভাবে বেঁধে রাখার ঘটনায় তাঁরা অভিযোগ দিলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।