চাঁপাইনবাবগঞ্জে ৯ উট জব্দ

চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ ও শিয়ালমারা সীমান্ত এলাকা থেকে আজ শুক্রবার সকালে নয়টি ভারতীয় উট জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ৫৯ ব্যাটালিয়নের সদস্যরা। তাৎক্ষণিকভাবে কাউকে গ্রেপ্তার করা সম্ভব না হলেও এ ঘটনায় জড়িত ১৭ জনকে শনাক্ত করে শিবগঞ্জ থানায় মামলা করা হয়েছে।
৫৯ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক লে. কর্নেল রাশেদ আলী বলেন, অবৈধভাবে ভারত থেকে নয়টি উট বাংলাদেশে নিয়ে আসছে—এমন গোপন সংবাদের ভিত্তিতে সকাল ছয়টার দিকে সোনামসজিদ ও শিয়ালমারা সীমান্ত এলাকায় পৃথক অভিযান চালান বিজিবির সদস্যরা। বিজিবির উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারিরা উট ফেলে পালিয়ে যান। পরে সোনামসজিদ সীমান্ত ফাঁড়ির (বিওপি) সদস্যরা সোনামসজিদ এলাকা থেকে ছয়টি ও শিয়ালমারা সীমান্ত ফাঁড়ির সদস্যরা শিয়ালমারা এলাকার একটি আমবাগান থেকে তিনটি উট জব্দ করেন। পৃথক ঘটনায় জড়িত হিসেবে ১৭ জনকে শনাক্ত করে শিবগঞ্জ থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
এর মধ্যে সোনামসজিদ এলাকায় জড়িত ব্যক্তিরা হচ্ছেন শিবগঞ্জের মির্জাপুর দৌলতবাড়ি গ্রামের আব্দুর রাজ্জাক (৪০) আনোয়ার কবির (৩০), শাহ নেওয়াজ (৩০), মো. সারু (২৫), সারু মিয়া (৪০), সোনামসজিদ শিয়ালমারা গ্রামের শাহ পরান (৩০), নুরুল বিহারী (৪৫), সয়মউদ্দিন (৫০) ও মো. হারুন (৩০)।
শিয়ালমারা বাগানে তিনটি উট জব্দের ঘটনায় জড়িত ব্যক্তিরা হচ্ছেন সোনামসজিদ শিয়ালমারা গ্রামের শাহ পরান (২৬), মো. হারুন (৩০), ছইমউদ্দিন (৪৮), নুরুল ইসলাম (৪৫), মির্জাপুর দৌলতবাড়ী গ্রামের মো. রুহুল (৩৫), মো. আশারুল (৪৫), মো. শরিফ (৩৮) ও জেলার ভোলাহাট উপজেলার আলানপুরের আলমগীর হোসেন (৩৫)।