চাঁপাইনবাবগঞ্জে 'বন্দুকযুদ্ধে' নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত তোফায়েল আহমেদ ওরফে মিলনের মা (মাঝে) ফিরোজা বেগমের আহাজারি। ছবিটি আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জ এলাকা থেকে তোলা। ছবি: আনোয়ার হোসেন দিলু, চাঁপাইনবাবগঞ্জ
চাঁপাইনবাবগঞ্জে র‍্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নিহত তোফায়েল আহমেদ ওরফে মিলনের মা (মাঝে) ফিরোজা বেগমের আহাজারি। ছবিটি আজ বুধবার চাঁপাইনবাবগঞ্জ এলাকা থেকে তোলা। ছবি: আনোয়ার হোসেন দিলু, চাঁপাইনবাবগঞ্জ

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার চকআলমপুর এলাকায় র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ তোফায়েল আহমেদ ওরফে মিলন নামের একজন নিহত হয়েছে। এ সময় সেখান থেকে আগ্নেয়াস্ত্র, গুলি ও ককটেল উদ্ধারের দাবি করেছে র‍্যাব।
মিলনের মা বলেছেন, তাঁর ছেলে রাজমিস্ত্রির কাজ করতেন। তিনি ১৩ দিন ধরে নিখোঁজ ছিলেন।
তোফায়েল আহমেদ সদর উপজেলার রামচন্দ্রপুর এলাকার আব্দুস সালামের ছেলে। তিনি কৃষ্ণগোবিন্দপুর কলেজের দ্বাদশ শ্রেণির ছাত্র ছিলেন।
র‍্যাব-৫ চাঁপাইনবাবগঞ্জ ক্যাম্পের কমান্ডার স্কোয়াড্রন লিডার মোবাশ্বের রহিমের ভাষ্য, সন্ত্রাসীদের ধরতে গতকাল মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে র‍্যাবের একটি দল চকআলমপুর এলাকায় অভিযান চালায়। এ সময় সন্ত্রাসীরা র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি ছোড়ে। র‍্যাবও পাল্টা গুলি ছুড়লে প্রায় ২৫ মিনিট ধরে ‘বন্দুকযুদ্ধ’ চলে। পরে স্থানীয় একটি আমবাগান থেকে তোফায়েলের গুলিবিদ্ধ লাশ উদ্ধার করা হয়। সেখান থেকে একটি পিস্তল, একটি রিভলবার, পাঁচটি গুলি ও চারটি ককটেল উদ্ধার করা হয়েছে।
তোফায়েল আহমেদের বিরুদ্ধে থানায় আটটি মামলা আছে বলে দাবি করেছে র‍্যাব।
তোফায়েল আহমেদ মিলনের মা ফিরোজা বেগম প্রথম আলোর কাছে দাবি করেন, তাঁর ছেলে ঢাকায় রাজমিস্ত্রির কাজে গিয়েছিলেন। সেখান থেকে গত ১৩ দিন ধরে তিনি নিখোঁজ ছিলেন। সকালে স্থানীয় লোকজনের কাছে শোনেন র‍্যাবের গুলিতে তোফায়েল মারা গেছেন।