চাইলেও মাদক ছাড়তে পারছে না ওরা
হেরোইন ব্যবসায়ের আয় দিয়ে মামলা চালান, নিজের নেশার ব্যয় মেটান। এখন তিনি ব্যবসা ছাড়তে চাইলেও ব্যবসা আর তাঁকে ছাড়ছে না। প্রতিদিন হেরোইন কিনছেন, বিক্রি করছেন, নিজে সেবন করছেন। তিনি রাজশাহীর গোদাগাড়ী পৌরসভা সদরের একজন ব্যবসায়ী। একই সঙ্গে মাদকসেবী।
১ মে গোদাগাড়ীতে গিয়ে একাধিক মাদকাসক্ত ব্যক্তি, ব্যবসায়ী ও পুলিশের সঙ্গে কথা বলে গোদাগাড়ীতে মাদকাসক্ত ও সেবনকারীদের সম্পর্কে এ রকম চিত্র পাওয়া গেছে। তাদের হিসাবমতে, গোদাগাড়ী উপজেলা সদরেই এক হাজারের বেশি মাদকসেবী রয়েছেন। বাইরে থেকেও মাদকসেবীরা আসেন। রাজশাহী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের হিসাবমতে, ভারতীয় সীমান্তবর্তী এ উপজেলা দেশের মাদক পাচারের বড় একটি রুট। স্থানীয় একটি মাদকাসক্ত নিরাময় কেন্দ্রের হিসাবমতে, ১৯৯৬ সাল থেকে এ পর্যন্ত আসক্ত হয়ে এলাকার ৯০ জন মারা গেছেন।
কথা হয় এই পৌর এলাকার ৯ নম্বর ওয়ার্ডের একজন হেরোইনসেবী ও ব্যবসায়ীর সঙ্গে। তাঁর বয়স প্রায় ৪৮ বছর। নেশার বয়স প্রায় ২৪ বছর। সাংবাদিক পরিচয় আড়াল করে তাঁর সঙ্গে গল্প শুরু করা হয়। একসময় আড্ডা জমে ওঠে। তিনি বলেন, বাবার সংসারে কৃষিকাজ করতেন। বিয়ে করে পৃথক হন। এক বন্ধুর সঙ্গে ব্যবসা শুরু করেন। আগে জানতেন না কীসের ব্যবসা। পরে দেখেন হেরোইনের ব্যবসা। কিছুদিন পর বন্ধু তার পুঁজি নিয়ে কেটে পড়েন। তত দিনে তিনি হেরোইনে আসক্ত হয়ে পড়েছেন। কিন্তু কেনার টাকা নেই। বাধ্য হয়ে নিজের প্রয়োজনেই আবার ব্যবসা শুরু করেন। ব্যবসা থেকে যা লাভ হয়, তা দিয়ে তিনি নিজের নেশা মেটান। এখন পৌর এলাকার মাদারপুর মহল্লার একজন মহাজনের কাছ থেকে দেড় হাজার টাকায় ১ গ্রাম করে হেরোইন কেনেন। মহাজন তাঁর বাড়িতে হেরোইন পৌঁছে দেন। কখনো গিয়েও নিয়ে আসতে হয়। ১ গ্রাম হেরোইন দিয়ে ৫০ টাকা দামের ৬০টি পাতা (পুরিয়া) তৈরি করেন। ‘কাস্টমার’ পেলে একদিনেই সব বিক্রি হয়ে যায়। সর্বোচ্চ তিন দিন পর্যন্ত সময় লাগে। তিনি জানান, তাঁর পরিবারের নামে মাদকের চারটি মামলা রয়েছে। নিজের নামে দুটি, স্ত্রীর নামে একটি, স্ত্রী ও ছেলের নামে আরও একটি। তিনি বলেন, তাঁর স্ত্রী ও ছেলের মামলার জামিন করাতে এবার ১৬ হাজার টাকা খরচ হয়েছে। দুই নম্বর ব্যবসা করেই সেই টাকা জোগাড় করেছেন। তাঁদের ২৮ দিন হাজত খাটতে হয়েছে। তিনি দাবি করেন, ব্যবসা না করলে নিজের নেশার টাকা আর মামলা চালাতে পারবেন না। তবে তাঁর ছেলে এখনো ধূমপানই করে না। সে চায় না যে বাবা হেরোইন সেবন করুক। তাই তিনি সিদ্ধান্ত নিয়েছেন, যেভাবেই হোক নেশা ছেড়ে দেবেন। অন্যথায় তাঁর ওপর রাগ করে ছেলেই হেরোইন খাওয়া শুরু করবে।
কথা হয় উপজেলার দিয়াড়মানিক চরের একজন ব্যবসায়ী ও হেরোইনসেবীর সঙ্গে। তাঁর বয়স প্রায় ২৮ বছর। বিয়ে করেছেন। কথায় কথায় নেশায় জড়িয়ে পড়ার গল্পটা শোনালেন। বন্ধুবান্ধবদের দেখাদেখি ব্যবসাটা শুরু করেছিলেন। একপর্যায়ে তাঁর মনে হয়েছে, নিজের জিনিস, নিজে হাতে বিক্রি করছেন, দূরদূরান্তের মানুষ এসে এত দাম দিয়ে কিনে নিয়ে যাচ্ছে—এর মধ্যে কী আছে তা পরীক্ষা করার জন্য নিজেই হেরোইন সেবন শুরু করেন। এক-দুদিন করতে গিয়ে নিজেই নেশায় আটকা পড়ে গেছেন। এখন প্রতিদিন তাঁর বাড়ি থেকে অন্তত ২০ গ্রাম হেরোইন বিক্রি হয়। তাঁর নামে একটি মামলাও রয়েছে। তিনি বলেন, এখন এই নেশাগ্রস্ত জীবন তাঁর আর ভালো লাগছে না। তিনি ছাড়তে চাইলেও পারছেন না।
একইভাবে পরিচয় আড়াল করে গোদাগাড়ী পৌর এলাকার ২ নম্বর ওয়ার্ডের অপর একজন মাদকসেবীর সঙ্গে কথা হয়। তাঁর বয়স প্রায় ৩০ বছর। বিয়ে করেছেন। একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে। তিনি বলেন, পাড়ার এক বড় ভাইয়ের পাল্লায় পড়ে হেরোইন ব্যবসা শুরু করেন। তিনি কিছুদিনের মধ্যেই আসক্ত হয়ে পড়েন। কাজটা খারাপ বুঝতে পেরে ব্যবসা ছেড়ে দিয়েছেন কিন্তু নেশা ছাড়তে পারছেন না। প্রতিদিন তার পাঁচ-ছয়টি পাতা (পুরিয়া) লাগে। এখন অটোরিকশা চালান; যা আয় হয় তা থেকে নেশার খরচ মেটানোর পরে সংসার চালানো দায় হয়ে পড়ে। তিনি বলেন, তিনি নেশা ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন।
ঘরে ঘরে পাতা বিক্রির দৃশ্য দেখার জন্য এবার আরেক মাদকসেবীর শরণাপন্ন হতে হলো। তাঁর সঙ্গে পৌর এলাকার ২ নম্বর মহল্লায় গিয়ে এর প্রমাণ পাওয়া গেল। তিনি দেখালেন, কোন কোন বাড়িতে হেরোইন বিক্রি হয়। একটি বাড়ির কাছে গিয়ে বললেন, দেখেন, বেড়ার ফাঁক গলিয়ে একটি মেয়ে ঘন ঘন বাইরে তাকাচ্ছেন। ভেতরে হেরোইনসেবী আছেন। মেয়েটি পাহারায় রয়েছেন। একটি বাড়ির সামনে গিয়ে বললেন, বাড়ির এই দরজাটা সব সময় খোলা থাকে। বিশ্বস্ত লোক ভেতরে গেলেই পাতা কিনতে পারবেন। প্রমাণ করার জন্য তাঁর হাতে ৫০ টাকার একটি নোট গুঁজে দেওয়া হলো। কিছুক্ষণ পরেই তিনি একটি পাতা নিয়ে বের হয়ে এলেন। বললেন, এই পাতার দাম এখন ৬০ টাকা লাগছে। তাঁর খাতিরে অবশ্য ৫০ টাকাতেই দিয়েছে। এবার নিজের চোখে দেখা হলো হেরোইনের পাতা। এটি হচ্ছে বিশেষ ঢঙে পলিথিনে মোড়ানো পরিমাণে খুবই স্বল্প একটি পুরিয়া।
রাজশাহী মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আলমগীর হোসেন বলেন, গোদাগাড়ী মাদক পাচারের একটি বড় রুট। গত ছয় মাসে তাঁরা ১৯টি মামলা করেছেন। ২২ জনকে আসামি করা হয়েছে। হেরোইন উদ্ধার করা হয়েছে ২৪৭ গ্রাম। একটি হেরোইন প্যাকিং যন্ত্র ও ওজন দেওয়ার পাল্লা জব্দ করা হয়েছে।
গোদাগাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আবু ফরহাদ বলেন, গত ১০ মাসে মাদকের ১৯১টি মামলা হয়েছে। এ সময়ে সাড়ে ১১ কেজি হেরোইন উদ্ধার ও ২০১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গাড়িসহ কুখ্যাত মাদক ব্যবসায়ী শীষ মোহাম্মদ ধরা পড়েছেন।