চাকরি উন্নয়নে, বেতন নেন রাজস্বে
রাজশাহীর বাগমারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান হিসাব সহকারী আবদুস সাত্তারের বিরুদ্ধে তথ্য গোপন রেখে চাকরি করার অভিযোগ পাওয়া গেছে। উন্নয়ন খাতে চাকরি করেও ২৯ বছর ধরে রাজস্ব খাত থেকে বেতন-ভাতা উত্তোলন করছেন। অনিয়ম করে পদোন্নতিও নিয়েছেন।
উপজেলা গণিপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান হারুণ অর রশিদসহ স্থানীয় ১০-১২ জন লোক এ-সংক্রান্ত একটি লিখিত অভিযোগ রাজশাহীর সিভিল সার্জনসহ বিভিন্ন দপ্তরে দিয়েছেন।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শহীদুল ইসলাম এবং উপজেলা হিসাবরক্ষণ কর্মকর্তা গোলাম হোসেন জানান, অভিযোগ পাওয়ার পর তাঁরা সাত্তারের সার্ভিস বুক ঘেঁটে দেখতে পেয়েছেন যে তিনি উন্নয়ন খাতে নিয়োগ পেয়ে সেখানেই রয়েছেন। তাঁর চাকরি রাজস্ব খাতে স্থানান্তরিত হয়নি। এ কারণে তাঁর বেতন আপাতত বন্ধ রাখা হয়েছে।
এ বিষয়ে আবদুস সাত্তার দাবি করেন, তাঁর পদটি উন্নয়ন খাত থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত হয়েছে। তবে এর পক্ষে কোনো প্রমাণ তিনি দেখাতে পারেননি।
এর আগে তাঁর বিরুদ্ধে চিকিৎসকদের বাসা পুলিশ কর্মকর্তাদের ভাড়া দিয়ে সাড়ে সাত লাখ টাকা আত্মসাতের অভিযোগের তদন্ত হয়েছে। এ নিয়ে প্রথম আলোয় সংবাদও প্রকাশিত হয়েছে।
এক মাস ধরে নিজস্ব অনুসন্ধান, নথিপত্র ঘেঁটে ও লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, ১৯৮১ সালে নিম্নমান সহকারী হিসেবে অস্থায়ী ভিত্তিতে (উন্নয়ন খাতে) আবদুস সাত্তারকে নিয়োগ দেওয়া হয়। ওই বছরের ২৮ মে তিনি চাঁপাইনবাবগঞ্জ সিভিল সার্জন কার্যালয় যোগদান করেন। সেই থেকে তিনি উন্নয়ন খাত থেকে বেতন-ভাতা উত্তোলন করে আসছেন। পরে তিনি রাজশাহী জেলায় বদলি হয়ে পুঠিয়া, দুর্গাপুর এবং পরে বাগমারায় যোগদান করেন।
আবদুস সাত্তার ১৯৮৫ সাল থেকে উন্নয়ন বাদ দিয়ে রাজস্ব খাত থেকে বেতন-ভাতা উত্তোলন শুরু করেন। এ সময়ে তিনি জালিয়াতির মাধ্যমে রাজস্ব খাতে স্থানান্তরিত হয়েছেন। সেই সময় থেকে তিনি রাজস্ব খাত থেকে বেতন-ভাতা উত্তোলনসহ সরকারি যাবতীয় সুযোগ-সুবিধা ভোগ করে আসছেন। এর মধ্যে তিনি পদোন্নতিও পেয়েছেন রাজস্ব খাতের কর্মকর্তা হিসেবে। বর্তমানে তিনি পদোন্নতি পেয়ে প্রধান সহকারী কাম হিসাবরক্ষক হিসেবে দায়িত্ব পালন করছেন।
নাম প্রকাশ না করার শর্তে ওই সময়ে তাঁর সঙ্গে চাকরিতে যোগদান করা একজন জানান, তিনি নির্দিষ্ট সময়ের পর উন্নয়ন থেকে রাজস্ব খাতে স্থানান্তরিত হলেও সাত্তার হননি। তাঁর ও অভিযোগকারীদের দেওয়া তথ্যমতে, অনিয়ম করে সাত্তার প্রায় ২৫ লাখ টাকা রাজস্ব খাত থেকে উত্তোলন করেছেন।
অভিযোগকারী গণিপুর ইউপির সাবেক চেয়ারম্যান হারুণ অর রশিদ জানান, সাত্তার স্থানীয় বাসিন্দা হওয়ার সুবাদে অনিয়ম ও দুর্নীতি করেছেন। প্রায় দুই যুগ ধরে তিনি বাগমারায় চাকরি করছেন। অনিয়ম করে তিনি সরকারের কয়েক লাখ টাকা পকেটে ভরেছেন। আরেক অভিযোগকারী শামসুল ইসলাম জানান, সাত্তার অনিয়ম করে পদোন্নতি ও উচ্চতর স্কেলও নিয়েছেন।
রাজশাহীর সিভিল সার্জন আবদুস সোবহান জানান, তদন্তে অভিযোগের সত্যতা পাওয়া গেছে। তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও পরিচালকের কাছে চলতি মাসের প্রথম সপ্তাহে সুপারিশ পাঠানো হয়েছে।