চাকরি ও ইজারার কথা বলে কোটি টাকা আত্মসাৎ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
>

মকবুল হোসেন পাংশা পাউবোর স্পিডবোটচালক ও পাউবো শ্রমিক-কর্মচারী লীগের জেলা শাখার সাধারণ সম্পাদক

তিনি পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) কর্মচারী। তবে পাউবোর বড় কর্মকর্তা ও নেতাদের সঙ্গে সখ্য আছে। ঠিকমতো অফিস না করলেও থাকেন পাউবো কার্যালয়ের ভেতরে বাড়ি বানিয়ে। রেস্টহাউসও তাঁর দখলে। সরকারি পুকুর-জমি নিজের মতো করে ব্যবহার করেন।

তবে সবচেয়ে বড় অভিযোগটা টাকা হাতিয়ে নেওয়ার। চাকরি ও জমি-জলাশয় ইজারা পাইয়ে দেওয়ার কথা বলে শতাধিক ব্যক্তির কাছ থেকে তিনি ১ কোটির বেশি টাকা হাতিয়ে নিয়েছেন বলে অভিযোগ উঠেছে। আছে সহকর্মীকে মারধরের অভিযোগও।

ওই কর্মচারীর নাম মকবুল হোসেন। তিনি রাজবাড়ীর পাংশা পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) স্পিডবোটচালক ও পাউবো শ্রমিক-কর্মচারী লীগের রাজবাড়ী জেলা শাখার সাধারণ সম্পাদক।

টাকা ফেরতের দাবিতে ৪ ডিসেম্বর সকালে পাউবোর পাংশা উপজেলা কার্যালয় চত্বরে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে প্রায় ৩০ জন ভুক্তভোগী ও তাঁদের স্বজনেরা অংশ নেন।

সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, পাউবোতে চাকরি দেওয়ার আশ্বাসে কর্মচারী মকবুল অন্তত ১৮ জনের কাছ থেকে ৫৭ লাখ টাকা নিয়েছেন। এর মধ্যে রাজবাড়ীর কালুখালী উপজেলার কালিকাপুরের জিয়াউর রহমানের কাছ থেকে ২ লাখ টাকা, গতমপুর স্লুইসগেট এলাকার শফিকুল ইসলামের কাছ থেকে ৯০ হাজার ও আবদুল বারেক শেখের কাছ থেকে ৫০ হাজার, পাংশা শহরের পারনারায়ণপুরের শাহিনুর রহমানের কাছ থেকে সাড়ে ৩ লাখ, কুড়াপাড়ার সাকিবুর রহমানের কাছ থেকে ৪ লাখ ও মেহেদী হাসানের কাছ থেকে ৩ লাখ, একই উপজেলার বয়রাটের ববিতা খাতুনের কাছ থেকে ২০ হাজার ও চুয়াডাঙ্গার ফয়সাল উদ্দিনের কাছ থেকে সাড়ে ৩ লাখ টাকা নেওয়া হয়েছে।

এদিকে সরকারি জমি ও জলাশয়ের ইজারা পাইয়ে দেওয়ার আশ্বাস দিয়ে পাংশা, খোকসা, কালুখালীসহ বিভিন্ন উপজেলার শতাধিক ব্যক্তির কাছ থেকে প্রায় অর্ধকোটি টাকা হাতিয়ে নিয়েছেন মকবুল। তাঁদের মধ্যে কালুখালীর গতমপুরের ওবায়দুর রহমানের কাছ থেকে ২০ হাজার টাকা, দফাদিয়ার মোহাম্মদের কাছ থেকে ৪০ হাজার ও কালুখালীর স্টেশন এলাকার মনিরুজ্জামান চৌধুরীর কাছ থেকে ২ লাখ ৪ হাজার টাকা এবং পাংশার নারায়ণপুরের জাহাঙ্গীর হোসেনের কাছ থেকে ১ লাখ টাকা নেওয়া হয়েছে। সংবাদ সম্মেলনে এ তিনজনসহ এমন ৮-১০ জন উপস্থিত ছিলেন।

পাউবো ও এলাকাবাসী সূত্রে জানা যায়, প্রায় ২৫ বছর আগে পাউবোর স্পিডবোটচালক হিসেবে চতুর্থ শ্রেণির চাকরি পান মকবুল। বর্তমানে তিনি পাউবো কার্যালয়ের ভেতরে বাড়ি বানিয়ে বাস করছেন। এমনকি গঙ্গা ব্যারাজ প্রকল্পের জন্য তৈরি রেস্টহাউস তাঁর দখলে রয়েছে। আর পাংশা পাউবোর কার্যালয় তিন একর জমির ওপর গড়ে উঠেছে। এর বড় একটা অংশই জলাভূমি। সেখানে থাকা পুকুর ও জমি নিজের মতো করে ব্যবহার করেন মকবুল।

৭ ডিসেম্বরসরেজমিনে দেখা যায়, পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কার্যালয়ের বিপরীত দিকে রাস্তার পাশে পাউবোর কার্যালয়। একতলা ভবনে পাউবোর কার্যক্রম চলে। কার্যালয়ের পেছনে আছে পুকুর ও জলাভূমি। পশ্চিম দিকে একতলা রেস্টহাউস। তার পেছনে মকবুলের টিনের বাড়ি। বাড়ির চারপাশে টিন দিয়ে প্রাচীর তৈরি করা আছে। পাশের জলাভূমিতে ধান চাষ করা হয়েছে।

দুপুর সাড়ে ১২টার দিকে পাউবো কার্যালয়ে মকবুলকে পাওয়া যায়নি। পাউবোর একজন কর্মচারী বললেন, ইচ্ছামাফিক অফিস করেন মকবুল। খুব সকালে অফিস খুলে হাজিরা খাতায় সই করে বেরিয়ে যান। মকবুলের বিষয়ে আরেক খবরও দিলেন তিনি। মাস তিনেক আগে কার্য সহকারী মিজানুর রহমানকে হেনস্তা করেন তিনি।

মিজানুর রহমান বলেন, তাঁকে একটি সেমিনারের কাগজপত্র দেখভালের দায়িত্ব দেওয়া হয়েছিল। এতে ক্ষুব্ধ হয়ে মকবুল মধ্যাহ্নভোজের বিরতির সময় ‘কথা আছে বলে’ তাঁকে রেস্টহাউসের কাছে ডেকে নেন। একপর্যায়ে তাঁকে কিল-ঘুষি-লাথি মেরে মাটিতে ফেলে দেন।

বাড়িতে খোঁজ নিতে গেলে মকবুলের স্ত্রী সাহিদা বেগম বেরিয়ে এসে বলেন, মকবুল বাড়িতে নেই। সাহিদা তাঁকে ফোন দেন। মকবুল জানিয়ে দেন, সাংবাদিকদের সঙ্গে পরে কথা বলবেন।পরে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।

টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ অস্বীকার করে তাঁর স্ত্রী বলেন, তাঁদের বিরুদ্ধে নানা ষড়যন্ত্র চলছে। দীর্ঘদিন ধরে বাড়ি বানিয়ে বসবাসের কথা স্বীকার করে তিনি বলেন, কর্তৃপক্ষ বললে তাঁরা অন্যত্র চলে যাবেন।

মকবুলের ক্ষমতার উৎস জানা গেল পাউবোর রাজবাড়ী কার্যালয়ের এক শ্রমিকনেতার মাধ্যমে। নাম প্রকাশ না করার শর্তে তিনি বলেন, মকবুলের সঙ্গে পাউবোর রাজবাড়ী ও ঢাকা কার্যালয়ের অনেক কর্মকর্তা ও নেতার ঘনিষ্ঠতা রয়েছে। তাই তাঁর বিরুদ্ধে প্রতিবাদ করেও তেমন কাজ হয় না।

পাংশা পাউবো কার্যালয়ের উপসহকারী প্রকৌশলী মোহা. সালাউদ্দিন বলেন, ‘মকবুলের বিরুদ্ধে কিছু অভিযোগের কথা আমরাও জানি। কার্য সহকারীকে মারধরের পর স্থানীয়ভাবে বসে মীমাংসা করে দেওয়া হয়েছিল।’ কার্যালয়ের ভেতরে বাড়ি বানাতে দেওয়াটা অনৈতিক বলে স্বীকার করেন তিনি।