চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ৬

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি দেওয়ার নামে লোকজনের কাছ থেকে ৭০ থেকে ৮০ লাখ টাকা নিয়ে আত্মসাৎ করার অভিযোগে গতকাল বৃহস্পতিবার রাজধানীর বাড্ডা এলাকা থেকে প্রতারক চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে র্যা ব।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন নাজমুল হাসান ওরফে হিমেল, মাসুদুর রহমান ওরফে সুমন, হাবিবুর রহমান ওরফে দাউদ, আকবর শেখ, আমীর হোসেন ও শাজাহান মিয়া।
র্যা ব সূত্র জানায়, গতকাল দুপুরে গোপন তথ্যের ভিত্তিতে ৭৫/২, বাড্ডার প্রগতি সরণির কনফিডেন্স ইলেক্ট্রা হোম অ্যাপলায়েন্স লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ওই ছয়জনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া নাজমুল হাসান নিজেকে এম এন হাসান হিসেবে পরিচয় দিয়ে বনানীর কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ে ডেলটা ডালিয়া টাওয়ারে রেক্সটন ইলেক্ট্রা ইন্ডাস্ট্রিজ লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান খুলে বসেন। তিনি নিজেকে প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক বলেও পরিচয় দিতেন। গত ১৯ জানুয়ারি তিনি ওই প্রতিষ্ঠানে বিভিন্ন পদে লোক নিয়োগের জন্য পত্রিকায় বিজ্ঞাপন দেন। বিজ্ঞাপন দেখে আগ্রহীরা আবেদন করেন। এঁদের মধ্যে আশরাফ উল আলম নামের এক প্রার্থীকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয় এবং প্রতিষ্ঠানের পরিচালক হিসেবে নিয়োগ দিয়ে তাঁর কাছ থেকে জামানত হিসেবে ১ লাখ ২০ হাজার টাকা নেওয়া হয়। পাশাপাশি তাঁর কাছে প্রতিষ্ঠানের শেয়ার বিক্রির নামে আরও ২৩ লাখ টাকা নেওয়া হয়।
র্যা ব-১-এর পরিচালক তুহিন মোহাম্মদ মাসুদ বলেন, প্রতারক চক্রের সদস্যরা আরও অনেকের কাছ থেকে অর্থ আত্মসাৎ করেছেন। এর মধ্যে দেবেন্দ্র কুমার সাহার ৩৪ লাখ, আবুল খায়ের চৌধুরীর ৫ লাখ, রেজাউল করিমের ৩ লাখ, হারাধন চন্দ্রের ৬০ হাজার, আবুল হোসেনের ৪০ হাজার, নাজির আহম্মেদের ২০ হাজার ও মজিবুল হকের ৭০ হাজার টাকা প্রতারণা করে নেওয়া হয়েছে। গত ফেব্রুয়ারি পর্যন্ত তাঁরা ৭০ থেকে ৮০ লাখ টাকা হাতিয়ে নিয়ে পালিয়ে যান। পরে নাজমুল হাসান সায়মন সরকার নাম ব্যবহার করে রিজডেল টাওয়ারে কনফিডেন্স ইলেক্ট্রাহোম অ্যাপলায়েন্স লিমিটেড নামে একটি সুসজ্জিত অফিস খুলে বসেন। গত ১৮ জুন তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন পদে লোক নিয়োগের জন্য আবার পত্রিকায় বিজ্ঞাপন দেন। এ সময় প্রতারিত ব্যক্তিরা র্যা ব-১-এর কাছে অভিযোগ করেন। তাঁদের অভিযোগের ভিত্তিতে প্রতারক চক্রের সদস্যদের গ্রেপ্তার করা হয়।