চাকরি দেওয়ার নামে টাকা আত্মসাৎ, গ্রেপ্তার ১
নাটোরে শিক্ষা কার্যালয়ে অফিস সহকারী পদে চাকরি দেওয়ার কথা বলে পৌনে আট লাখ টাকা আত্মসাতের অভিযোগ পাওয়া গেছে। এ অভিযোগে গতকাল সোমবার এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তির নাম রাজীব হাসান (৪১)। তিনি জেলা শহরের উত্তর বড়গাছা মধ্যপাড়ার ওয়াহেদ মোল্লার ছেলে। গতকাল সন্ধ্যায় স্থানীয় একটি পত্রিকার কার্যালয় থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।
নাটোর সদর থানার পুলিশ সূত্রে জানা যায়, রাজীব হাসান নলডাঙ্গা উপজেলার দিলীপ কুমারের ছেলে দীপক কুমারকে (২১) নলডাঙ্গা শিক্ষা কার্যালয়ের অফিস সহকারী পদে চাকরি দেওয়ার নামে তাঁর কাছ থেকে ৭ লাখ ৭৫ হাজার টাকা নেন। এক মাসের মধ্যে চাকরি দেওয়ার কথা বলে গত বছরের নভেম্বরে তিনি এ টাকা নেন। কিন্তু দীর্ঘ দিনেও তিনি চাকরি দিতে পারেননি এবং টাকাও ফেরত দেননি। এ ব্যাপারে কয়েক দফা সালিস করা হয়। কিন্তু নানা টালবাহানা করে টাকা ফেরত দেওয়ার কথা বলে সময় নেন রাজীব। সর্বশেষ গতকাল সন্ধ্যায় এ ব্যাপারে সালিস বসে। সেখানে স্থানীয় সাংসদ শফিকুল ইসলাম, জেলার সরকারি কৌঁসুলি (পিপি) সিরাজুল ইসলাম, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমানসহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সালিসের সিদ্ধান্ত মোতাবেক টাকা ফেরত দিতে না পারায় রাজীবকে পুলিশে সোপর্দ করা হয়। এ ব্যাপারে দিলীপ কুমার সদর থানায় মামলা করেছেন।
সদর থানার ওসি মিজানুর রহমান বলেন, রাজীব হাসান নিজেই বেকার। তাঁর পক্ষে শিক্ষা কার্যালয়ে চাকরি দেওয়ার কোনো সুযোগ নেই। তবু চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়ে আত্মসাৎ করেছেন। এ কারণে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।
তবে গ্রেপ্তারের পর রাজীব হাসান অভিযোগ অস্বীকার করে বলেন, এটা ষড়যন্ত্রমূলক অভিযোগ।