চাকরি দেওয়ার নামে টাকা নিয়ে আত্মসাত
বিদেশে চাকরি দেওয়ার কথা বলে বিভিন্নজনের কাছ থেকে প্রায় ৩০ লাখ টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে মোজাম্মেল হক নামের এক ব্যক্তির বিরুদ্ধে। রংপুর, নাটোর ও লালমনিরহাটে অন্তত ছয়জনের কাছ থেকে প্রতারণা করে তিনি এই অর্থ হাতিয়ে নিয়েছেন।
নাটোর আদালতে দায়ের করা একটি মামলায় বর্তমানে জামিনে আছেন মোজাম্মেল। আর লালমনিরহাটের কালীগঞ্জ থানায় গত বছর পাঁচ ব্যক্তি অভিযোগ করেছিলেন। তবে পুলিশ মোজাম্মেলের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। এখন থানা কর্তৃপক্ষ বলছে, ওই অভিযোগই হারিয়ে গেছে।
মোজাম্মেল লালমনিরহাট জেলার কালীগঞ্জ উপজেলার হরবানিনগর গ্রামের বাসিন্দা। তাঁর বিরুদ্ধে প্রতারণার অভিযোগে নাটোর জেলার বড়াইবাড়ী আমলি আদালতে গত ২৮ ফেব্রুয়ারি মামলা করেন রকি সরদার নামের এক ব্যক্তি। তিনি বড়াইগ্রামের ভবানীপুর পাবনাপাড়ার বাসিন্দা।
মামলায় রকি অভিযোগ করেন, দক্ষিণ আফ্রিকায় চাকরি দেওয়ার কথা বলে ২০১৮ সালের ২০ মে তাঁর কাছ থেকে ৪ লাখ ৮৫ হাজার টাকা নিয়েছিলেন মোজাম্মেল। ওই বছরের ১৫ অক্টোবরের মধ্যে তাঁকে বিদেশে পাঠানোর কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ে বিদেশে পাঠাতে না পারায় টাকা ফেরত চান রকি। পরের মাসে তাঁকে একটি চেক দিয়েছিলেন মোজাম্মেল। কিন্তু ব্যাংকে গিয়ে দেখা যায়, সংশ্লিষ্ট অ্যাকাউন্টে কোনো টাকা নেই। আরও দুই দফা টাকা দেওয়ার তারিখ দিয়ে রকিকে ঘোরান মোজাম্মেল। পরে গেল ফেব্রুয়ারিতে টাকা ফেরত দিতে পারবেন না বলে সাফ জানিয়ে দেন।
পরে আমলি আদালতে মামলা করেন রকি। তিনি বলেন, মোজাম্মেল গত ৪ সেপ্টেম্বর বড়াইগ্রাম আমলি আদালতে হাজির হয়ে তাঁর করা মামলায় জামিন নিয়েছেন। মোজাম্মেল শুধু তাঁর সঙ্গেই নয়, অনেকের সঙ্গেই প্রতারণা করেছেন। রংপুর ও লালমনিরহাট জেলার আরও কয়েকজনের কাছ থেকে বিদেশে চাকরি দেওয়ার কথা বলে টাকা নিয়েছেন।
মোজাম্মেলের বিরুদ্ধে আরও পাঁচ ব্যক্তির কাছ থেকে অর্থ আত্মসাতের অভিযোগ করা হয়েছিল লালমনিরহাটের কালীগঞ্জ থানায়। ২০১৮ সালের ২৩ জুন ভুক্তভোগী পাঁচজনের পক্ষে অভিযোগটি করেছিলেন রংপুরের গঙ্গাচড়া উপজেলার বিনবিনা গ্রামের আবু ইউসুফ।
অভিযোগের একটি কপি পেয়েছে প্রথম আলো। এতে বলা হয়েছে, রংপুরের আবু ইউসুফ ও ফারুক মিয়া এবং লালমনিরহাটের কালীগঞ্জের শাহজাহান আলী, রফিকুল ইসলাম ও হামিদুল ইসলামের কাছ থেকে বিদেশে চাকরি দেওয়ার কথা বলে ২০১১ সালে ২৫ লাখ টাকা নিয়েছিলেন মোজাম্মেল। তিন মাসের মধ্যে বিদেশে পাঠানোর কথা ছিল। কিন্তু বেশ কিছুদিন ঘোরানোর পর বিদেশে যাওয়ার ব্যাপারে হাল ছেড়ে দেন ওই পাঁচ যুবক। তাঁরা টাকা ফেরত চান। কয়েক দিন টালবাহানার পর টাকা দিতে অস্বীকৃতি জানান মোজাম্মেল। বরং মিথ্যা মামলা দিয়ে ওই পাঁচ যুবককে কারাগারে পাঠানোর হুমকি দেন তিনি।
আবু ইউসুফ বলেন, ‘আমরা মোজাম্মেলকে বিশ্বাস করে টাকা দিয়ে প্রতারিত হয়েছি। কালীগঞ্জ থানায় অভিযোগ দিয়েছি, কিন্তু কোনো ফল পেলাম না।’
তবে ওই অভিযোগের কোনো কাগজপত্র খুঁজে পাচ্ছে না কালীগঞ্জ থানা। ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরজু মো. সাজ্জাদ হোসেন বলেন, ‘২০১৮ সালে আমি এই থানায় ছিলাম না। এখন অভিযোগটি খুঁজে পাচ্ছি না। নতুন করে অভিযোগ দেওয়া হলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।’ কেউ যোগসাজশ করে অভিযোগের কাগজপত্র সরিয়ে ফেলেছে, এমন সন্দেহ অমূলক বলে উড়িয়ে দেন তিনি।
মোজাম্মেল হকের সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি নাটোরের বড়াইগ্রাম আদালত থেকে জামিন নেওয়ার কথা স্বীকার করেন। পাঁচজনের কাছ থেকে ২৫ লাখ টাকা নিয়ে আত্মসাতের অভিযোগ প্রসঙ্গে বলেন, ‘এসব অভিযোগ সত্য নয়। আমি পরিস্থিতির শিকার। আমিও থানায় জিডি করেছি।’এ বিষয়ে বিস্তারিত না বলেই মুঠোফোনের সংযোগ কেটে দেন।