চাকরি দেওয়ার নামে প্রতারণা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চাকরি দেওয়ার নামে ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় ২৪৫ জন বেকার তরুণ-তরুণীর সঙ্গে এক নারী প্রতারণা করেছেন বলে অভিযোগ উঠেছে। দিনাজপুর শহরের সেলিনা ইসলাম ওরফে ডা. সেলিনা নামের ওই নারী স্থানীয় বেসরকারি সংস্থা (এনজিও) উত্তরণ সমাজসেবা সংঘের সহায়তায় একটি ভুয়া প্রকল্প দেখিয়ে ওই বেকারদের কাছ থেকে ২৫ থেকে ৩০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ওই অভিযোগ উঠেছে।
কয়েকজন ভুক্তভোগী ও স্থানীয় এনজিওর কর্মকর্তা সূত্রে জানা যায়, রানীশংকৈলের কাতিহার এলাকার উত্তরণ সমাজসেবা সংঘের কার্যালয়ে গত মার্চ মাসে সেলিনা এসে নিজেকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ ও যুব মান উন্নয়ন কেন্দ্রের নির্বাহী পরিচালক পরিচয় দেন। একপর্যায়ে তিনি রানীশংকৈলে একটি প্রকল্প বাস্তবায়নে সহায়তা চান। সে সময় ওই নারী উত্তরণের পরিচালক সুব্রত বিহারিকে বলেন, তিনি প্রকল্প বাস্তবায়নে ১ হাজার ৫০০ কোটি টাকা অনুদান পেয়েছেন। প্রকল্পটি দিনাজপুর এলাকায় শুরু হয়েছে। রানীশংকৈলে বিভিন্ন পদে লোকবল নিয়োগ করা প্রয়োজন। কর্মীদের বেতনও ভালো দেওয়া হবে। সুব্রত বিহারি তাঁর সংস্থা ও প্রকল্পের সপক্ষে কাগজপত্র দেখতে চাইলে সেলিনা বলেন, প্রকল্পটি দিনাজপুরের জেলা প্রশাসনের সঙ্গে যৌথভাবে করা হচ্ছে। তাই কাগজপত্র জেলা প্রশাসকের কাছেই আছে। পরে সুব্রত ও তাঁর এনজিওর কর্মকর্তা রেজওয়ানুল হক ও স্থানীয় লোকজনের মাধ্যমে চাকরির বিষয়টি এলাকায় ছড়িয়ে পড়ে। ওই মাসেই উত্তরণের কার্যালয়ে বসে সেলিনা বিভিন্ন পদে ২৪৫ জনকে নিয়োগপত্র দেন।
নিয়োগপত্রে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাংলাদেশ কারিগরি প্রশিক্ষণ ও যুব মান উন্নয়ন কেন্দ্র, সমাজকল্যাণ মন্ত্রণালয় ও সমাজসেবা অধিদপ্তর, ঢাকা শব্দগুলো ব্যবহার করা হয়েছে। বেতনকাঠামো, কর্মস্থলের স্থান উল্লেখ করার পর জুড়ে দেওয়া হয়েছে ১০টি শর্ত। সবশেষে রয়েছে নিয়োগদাতার নাম, পদবি ও স্বাক্ষর। সেখানে সেলিনা সমাজকল্যাণ মন্ত্রণালয়ের নির্বাহী পরিচালকের পরিচয়ে সই দিয়ে ঠিকানা দিনাজপুরের গোলাপবাগ দেখিয়েছেন।
কয়েকজন ভুক্তভোগী বলেন, আবেদনের সময় প্রত্যেকে কর্মীর কাছ থেকে এককালীন ৫ হাজার থেকে ২০ চাজার টাকা পর্যন্ত জামানত নেওয়া হয়েছে। জামানতের বিপরীতে কোনো রসিদও দেওয়া হয়নি। ওই সংস্থা থেকে নিয়োগ পাওয়া এক মাঠকর্মী বলেন, ‘গত মার্চ মাসে চাকরির জন্য আবেদনের সময় আবদুর রহমান নামে স্থানীয় এক প্রতিনিধি আমার কাছ থেকে ১৫ হাজার টাকা জামানত নিয়েছেন। সাত মাসেও প্রকল্পের কাজ শুরু হয়নি। এখন শুনছি প্রকল্পটি ভুয়া। তিনি একা নন, ২৪৫ জন কর্মীর কাছ থেকে জামানত হিসেবে ২৫ থেকে ৩০ লাখ টাকা হাতিয়ে নিয়েছেন ওই পরিচালক।’ রানীশংকৈলের বলিদ্বারা এলাকার তরুণ শাহিন হোসেন বলেন, ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতাম। বন্ধুদের কাছে এই চাকরির খবর শুনে চাকরিটি ছেড়ে দিয়ে বাড়ি চলে আসি। পরে এক ব্যক্তির মাধ্যমে ৬ হাজার টাকা জামানত দিয়ে ১৬ হাজার ৫০০ টাকার চাকরির নিয়োগপত্র পাই। নিয়োগপত্রে বালিয়াডাঙ্গীর সমাজকল্যাণ মন্ত্রণালয় ইউনিট কার্যালয়ে যোগ দিতে বলা হয়। কিন্তু সেখানে খোঁজ নিয়ে জেনেছি বালিয়াডাঙ্গীতে এ নামে কোনো অফিস নেই।
সুব্রত বিহারি বলেন, ‘সেলিনা আমাকেও আঞ্চলিক ব্যবস্থাপক পদে নিয়োগপত্র ধরিয়ে দিয়েছিলেন। কর্মীদের জামানতের টাকা ফেরত চেয়ে তাঁর সঙ্গে কয়েক দফা যোগাযোগ করার পর তিনি গত ২৭ অক্টোবর কর্মকর্তা-কর্মচারীদের বেতনের বিপরীতে জনতা ব্যাংক দিনাজপুর শাখার ৪০ লাখ টাকার একটি চেকের পাতা ধরিয়ে দেন। গত মঙ্গলবার চেকটি ভাঙাতে গিয়ে দেখি ব্যাংকে কোনো টাকা নেই। এখন তাঁর মুঠোফোনটিও বন্ধ।’ সমাজসেবা অধিদপ্তরের দিনাজপুর কার্যালয়ের উপপরিচালক স্টিফেন মুর্মু বলেন, সেলিনার বিরুদ্ধে রংপুর ও দিনাজপুর এলাকায় ভুয়া এনজিওর প্রকল্প দেখিয়ে চাকরি দেওয়ার নামে প্রতারণার অনেক ঘটনা রয়েছে। সমাজসেবা অধিদপ্তর ঠাকুরগাঁও কার্যালয়ের উপপরিচালক সরদার তারিকুল ইসলাম বলেন, ওই প্রতারক নারীকে যে এনজিওটি সহায়তা করেছে, তদন্ত করে তাদের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হবে।
সেলিনার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘এখন ব্যস্ত আছি। আপনি আধা ঘণ্টা পরে ফোন দেন। এরপর তাঁর মুঠোফোন বন্ধ হয়ে যায়।’