চাকরি দেওয়ার নামে প্রতারণা
ফেনীতে জেলা প্রশাসকের কার্যালয়ে হিসাব সহকারী পদে চাকরি দেওয়ার নামে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের অভিযোগে তফুরা আক্তার (৩০) নামে এক সরকারি কর্মচারীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ের একজন অফিস সহায়ক (এমএলএসএস)।
গত শনিবার রাতে তাঁকে ফুলগাজী থানার পুলিশ উপজেলার বিজয়পুর গ্রামের একটি ভাড়া বাসা থেকে গ্রেপ্তার করে। গতকাল রোববার ফেনীর বিচারিক হাকিম আদালতের মাধ্যমে তাঁকে জেলহাজতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, অর্থ আত্মসাতের অভিযোগ করে গত শনিবার ফুলগাজী উপজেলার বিজয়পুর গ্রামের তুহিন উদ্দিন নামে এক ব্যক্তি ফুলগাজী থানায় তফুরা আক্তারের বিরুদ্ধে প্রতারণার মামলা করেন। অভিযোগে উল্লেখ করা হয়, ফেনী জেলা প্রশাসকের কার্যালয়ে হিসাব সহকারী পদে কয়েক মাস আগে লোক নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশের পর বাদী তুহিন উদ্দিন চাকরির জন্য আবেদন করেন। তখন তফুরা চাকরি পাইয়ে দেওয়ার নাম করে তাঁর কাছ থেকে ৫ লাখ ৬০ হাজার টাকা নেন। ফুলগাজী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম এম মোর্শেদ চাকরি দেওয়ার নাম করে প্রতারণার মাধ্যমে অর্থ আত্মসাতের মামলায় তফুরা আক্তার নামে একজন সরকারি কর্মচারীকে গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেন।