চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ১
বাংলাদেশ নৌবাহিনীতে নিয়োগ দেওয়ার নামে অর্থ আত্মসাতের ঘটনায় জড়িত প্রতারক চক্রের প্রধান মো. জসিম উদ্দিন ওরফে আশরাফকে (৪২) গ্রেপ্তার করা হয়েছে। গত সোমবার রাতে চট্টগ্রামের পতেঙ্গা থেকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গ্রেপ্তার জসিম উদ্দিনের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলার কুনিয়ানগর গ্রামে। তিনি নৌবাহিনীর একজন চাকরিচ্যুত ল্যান্স কর্পোরাল।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের কমান্ডার মো. হাসান মোস্তফা গতকাল র্যাব কার্যালয়ে সংবাদ সম্মেলনে জানান, চক্রের সদস্যরা ২০১১ সাল থেকে নৌবাহিনীতে চাকরি দেওয়ার আশ্বাস দিয়ে সারা দেশে তাঁদের কার্যক্রম চালিয়ে আসছিলেন। সম্প্রতি তাঁরা কিশোরগঞ্জ ও নেত্রকোনা এলাকা থেকে ১০ ব্যক্তির কাছ থেকে ১ কোটি টাকার বেশি অর্থ আত্মসাৎ করে পালিয়ে যান।
পরে ভুক্তভোগী লোকজনের অভিযোগের ভিত্তিতে র্যাব অনুসন্ধানে নেমে ৮ সদস্যের এই প্রতারক চক্রের সন্ধান পায়। চক্রের সদস্যরা চট্টগ্রাম ও সিলেটের বিভিন্ন বিলাসবহুল হোটেলে চাকরিপ্রার্থীদের লিখিত ও মৌখিক পরীক্ষা নিয়ে নিয়োগপত্র দিতেন। চক্রের প্রধান জসিম উদ্দিনকে গত বছর অবৈধ অস্ত্র বহন এবং মাদক সেবনের দায়ে নৌবাহিনী থেকে চাকরিচ্যুত করা হয়। এই চক্রে নৌবাহিনীর চাকরিচ্যুত একাধিক সদস্য আছেন বলে অনুসন্ধানে জানা যায়। তাঁদের ধরতে র্যাবের কার্যক্রম অব্যাহত আছে। এ ঘটনায় র্যাব কিশোরগঞ্জের তাড়াইল থানায় একটি প্রতারণা মামলা করেছে। জসিমের বিরুদ্ধে প্রতারণার আরও একটি মামলা ঢাকায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) তদন্তাধীন।