চাকরি দেওয়ার নামে প্রতারণা, গ্রেপ্তার ৩

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় সেনাবাহিনীতে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে পুলিশ গত সোমবার তিনজনকে গ্রেপ্তার করেছে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার সুজাপাড়া গ্রামের আবদুল কাইয়ুম (৪৬), নাটোরের বাগাতিপাড়ার দয়ারামপুর তালতলা গ্রামের আলাউদ্দিন (৩৫) ও বাগাতিপাড়া পৌরসভার টুনিপাড়ার আবদুল মতিন (৩৫)।
বাগাতিপাড়া থানার পুলিশ সূত্র জানায়, সোমবার বাগাতিপাড়ার কাদিরাবাদ সেনানিবাসে সৈনিক পদে লোক নিয়োগে প্রতারক চক্রের সদস্যরা পাবনার ভাঙ্গুড়ার দক্ষিণ সারুটিয়া গ্রামের রফিকুল ইসলামের ছেলে হাবিবুর রহমানকে (১৮) চাকরি প্রার্থীর লাইনে দাঁড় করিয়ে দেয়। কিন্তু তাঁর চাকরি হয়নি। হাবিবুর বুঝতে পারেন তিনি প্রতারণার শিকার হয়েছেন। তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে বিষয়টি জানান। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ওই দিন বিকেলে কাদিরাবাদ সেনানিবাস এলাকা থেকে তিনজনকে আটক করে। এ ব্যাপারে হাবিবুর বাগাতিপাড়া মডেল থানায় রাতেই লিখিত অভিযোগ করেন।
হাবিবুর রহমান বলেন, সেনাবাহিনীতে সৈনিক পদে চাকরি দেওয়ার নামে প্রতারক চক্র তাঁর সঙ্গে সাত লাখ টাকার চুক্তি করে। সে অনুযায়ী চাকরি পাওয়ার আগে সোমবার সকালে ১ লাখ ২৫ হাজার টাকা শোধ করা হয়। চাকরি পাওয়ার পর বাকি টাকা পাওয়ার নিশ্চয়তা হিসেবে ফাঁকা ‘কাবিননামায়’ তাঁর সই নেয় তারা। এ ছাড়া একটি ১০০ টাকা মূল্যমানের ফাঁকা স্ট্যাম্পেও স্বাক্ষর নেওয়া হয়। দুটি কাগজই প্রতারক চক্র নিজেদের কাছে রেখে দেয়। আইনি ঝামেলা এড়ানোর চেষ্টায় অভিযুক্ত ব্যক্তিদের পরিবারের পক্ষ থেকে সোমবার রাতেই হাতিয়ে নেওয়া ১ লাখ ২৫ টাকা ফেরত দেওয়া হয়েছে।
বাগাতিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুর রহমান বলেন, ওই তিনজনের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে মামলা হয়েছে। তাঁদের আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। গত দুই মাসে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগে থানায় সাতটি মামলা হয়েছে।