বরিশালের গৌরনদী উপজেলা পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) পল্লী কর্মসংস্থান সহায়তা প্রকল্পের (ইরেসপো) মাঠ সংগঠক জেসমিন সুলতানার চাকরি ফিরিয়ে দেওয়ার সুপারিশ করেছেন গৌরনদী উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা।
এদিকে প্রকল্প পরিচালকের বিরুদ্ধে তাঁর দূর সম্পর্কের এক আত্মীয়কে ওই পদে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে।
গতকাল মঙ্গলবার প্রথম আলোয় ‘মাতৃত্বকালীন ছুটি চাওয়ায় চাকরিচ্যুতি’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
জানতে চাইলে উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. মঈন উদ্দিন বলেন, জেসমিনের চাকরি ফিরিয়ে দিতে প্রকল্প পরিচালক রাসেদুল আলমের বরাবর সুপারিশপত্র পাঠানো হয়েছে। সুপারিশপত্রে মঈন উদ্দিন উল্লেখ করেন, ‘জেসমিন আট মাসের অন্তঃসত্ত্বা। তাঁকে চাকরি ফিরিয়ে দিতে মহোদয়ের সুদৃষ্টি কামনা করছি।’
বিআরডিবির বরিশাল কার্যালয়ের উপপরিচালক মো. জহিরুল ইসলাম বলেন, স্থানীয় কর্মকর্তার সুপারিশে জেসমিনকে প্রকল্প পরিচালক চাকরিচ্যুত করেছেন। মানবিক কারণে তাঁর চাকরি ফিরিয়ে দেওয়া উচিত।
গৌরনদী বিআরডিবির চেয়ারম্যান ও পৌর আওয়ামী লীগের সভাপতি মো. মনির হোসেন মিয়া বলেন, জেসমিনকে চাকরিচ্যুত করার সিদ্ধান্ত ঠিক হয়নি। মানবিক কারণে তাঁর চাকরি ফিরিয়ে দেওয়া উচিত।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা মহিলা লীগের সাধারণ সম্পাদক সৈয়দা মনিরুন নাহার বলেন, মেয়েটি অসহায়। তাঁকে চাকরি ফিরিয়ে দিতে উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বিআরডিবির যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে পদক্ষেপ গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে। সুস্থ হয়ে জেসমিন আবার চাকরিতে যোগদান করতে পারবেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুমা আক্তার বলেন, মানবিক কারণে জেসমিনকে চাকরি ফিরিয়ে দিতে আইনের মধ্যে থেকে সহায়তা দেওয়া হবে।
এদিকে গৌরনদী পল্লী উন্নয়ন কার্যালয় সূত্রে জানা গেছে, ৮ অক্টোবর পটুয়াখালীর বাউফল উপজেলার মেহেদীপুর গ্রামের মো. আবুল বাশারকে ওই প্রকল্পের গৌরনদী উপজেলার মাঠ সংগঠক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। তিনি জেসমিনের স্থলাভিষিক্ত হয়ে কাজ করছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক বিআরডিবির স্থানীয় কার্যালয়ের একাধিক কর্মকর্তা বলেছেন, আবুল বাশার প্রকল্প পরিচালক রাসেদুল আলমের দূর সম্পর্কের আত্মীয়। মূলত তাঁকে নিয়োগ দেওয়ার উদ্দেশ্যেই জেসমিনকে চাকরিচ্যুত করা হয়।
জেসমিন বলেন, ‘আমাকে ৯ অক্টোবর চাকরিচ্যুত করার চিঠি দেওয়া হয়। অথচ ৮ অক্টোবর আবুল বাশারকে নিয়োগ দেওয়া হয়েছে। এতেই প্রমাণিত হয় আমি কত বড় ষড়যন্ত্রের শিকার। আমাকে চাকরিতে পুনর্বহালের জন্য ১২ অক্টোবর মহাপরিচালক বরাবর আবেদন করেছি।’
অভিযোগ সম্পর্কে জানতে প্রকল্প পরিচালক রাসেদুল আলমের সঙ্গে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করলেও তিনি ফোন ধরেননি।
বিআরডিবির মহাপরিচালক এম এ কাইয়ুম বলেন, জেসমিনের চাকরিচ্যুতির বিষয়ে তিনি লিখিত কিছু পাননি। পেলে তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।