চাকরিচ্যুত ডিজিএমের স্ত্রীকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ
বেসিক ব্যাংকের চাকরিচ্যুত উপমহাব্যবস্থাপক (ডিজিএম) শিপার আহমেদের স্ত্রীর বিরুদ্ধে সম্পদ বিবরণী নোটিশ জারি করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। শিপার আহমেদের সম্পদ অনুসন্ধানের অংশ হিসেবে আজ সোমবার কমিশন এ নোটিশ জারি করেছে। দুদক সূত্র প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, প্রাথমিক অনুসন্ধানে শিপার আহমেদের স্ত্রী হাবিবা কুমকুম বিপুল পরিমাণ জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়ায় তাঁকে সম্পদ বিবরণী দাখিলের নোটিশ দেওয়া হয়েছে। নোটিশটি বনানীর ব্লক এফ, রোড নম্বর ৪, বাড়ি নম্বর ৩৭, ফ্ল্যাট নম্বর ৪-এ এই ঠিকানায় পাঠানো হয়েছে। নোটিশে আগামী সাত কার্যদিবসের মধ্যে যাবতীয় সম্পদের হিসাব নির্ধারিত ফরমে কমিশনের সচিব বরাবর দাখিল করতে বলা হয়েছে।
বেসিক ব্যাংকে ঋণ জালিয়াতির ঘটনায় গত ৭ জানুয়ারি শিপার আহমেদসহ তিনজনকে গ্রেপ্তার করে দুদক। দুদক সূত্র জানায়, বেসিক ব্যাংক ঋণ জালিয়াতির সময় ব্যাংকটির গুলশান শাখার শাখাপ্রধান হিসেবে দায়িত্বে ছিলেন শিপার আহমেদ।
বেসিক ব্যাংকের মানবসম্পদ বিভাগের কার্যক্রম নিয়ে একটি বিশেষ নিরীক্ষা প্রতিবেদনের তথ্য অনুযায়ী, শিপার আহমেদ ২০১১ সালের ২৪ জানুয়ারি বেসিক ব্যাংকে সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) হিসেবে যোগ দেন। ব্যাংকের সব ধরনের নিয়মনীতি লঙ্ঘন করে মাত্র সাত মাসের মাথায় ডিজিএম হিসেবে পদোন্নতি পান ও গুলশান শাখার দায়িত্ব পান। ব্যাংকের পরিচালনা পর্ষদের ২৯৬ তম সভায় ওই পদোন্নতি দেওয়া হয়।
ওই নিরীক্ষা প্রতিবেদনে বলা হয়েছে, বড় ধরনের জালিয়াতির ক্ষেত্র তৈরির লক্ষ্যে সব ধরনের নিয়মকানুন, নীতিমালাকে নির্বাসনে পাঠিয়েছিল শেখ আবদুল হাই ওরফে বাচ্চুর নেতৃত্বাধীন বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ও ব্যাংকটির শীর্ষ কর্তারা। অফিসার থেকে শুরু করে উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) পদে ৫৭ জন কর্মকর্তাকে অযৌক্তিক ও অনৈতিকভাবে পদোন্নতি দিয়েছে। এখতিয়ার না থাকলেও অধিকাংশ ক্ষেত্রেই কোনো ধরনের যাচাই বাছাই ছাড়াই পদোন্নতির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর মাধ্যমে পরিচালনা পর্ষদ, ব্যবস্থাপনা পরিচালক ও মানবসম্পদ বিভাগ অবৈধ সুবিধা নিয়েছে। ওই ৫৭ কর্মকর্তার মধ্যে শিপার আহমেদ একজন।