বাগেরহাটের মোংলা বন্দরের সেই সহকারী প্রকৌশলীকে (নৌ) চাকরিতে পুনর্বহাল করেছে কর্তৃপক্ষ। নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের সুপারিশসহ সই জাল করার অপরাধ প্রমাণিত হওয়ায় গত জুলাইয়ে তাঁকে স্থায়ীভাবে বরখাস্ত করা হয়েছিল।
নাম প্রকাশ না করার শর্তে বন্দরের একাধিক কর্মকর্তা-কর্মচারী বলেন, এত বড় ফৌজদারি অপরাধ সত্ত্বেও ওই সহকারী প্রকৌশলীকে পুরস্কৃত করা হলো। এটি বন্দরের জন্য খারাপ দৃষ্টান্ত হয়ে থাকবে। ওই ব্যক্তির নাম সোহেল রানা।
মোংলা বন্দরের নৌ প্রকৌশল বিভাগ সূত্র জানায়, সোহেল রানা ১৯৮৮ সালে মোংলা বন্দরে অষ্টম শ্রেণির সনদ দিয়ে পাওয়ার হাউস ড্রাইভার হিসেবে ১৬তম গ্রেডে নিয়োগ পান। প্রকৌশলী হিসেবে প্রাতিষ্ঠানিক সনদ না থাকা সত্ত্বেও বন্দর কর্তৃপক্ষ প্রবিধানমালা লঙ্ঘন করে ২০১৪ সালের ৩০ ডিসেম্বর তাঁকে সহকারী প্রকৌশলী (নৌ) হিসেবে পদোন্নতি দেয়। এর বিরুদ্ধে অভিযোগ উঠলে তিনি বন্দরের চেয়ারম্যান বরাবর করা আবেদনে পদোন্নতি বহাল রাখার জন্য নৌপরিবহনমন্ত্রীর সুপারিশসহ সই জাল করেন। এটি তদন্তে প্রমাণিত হওয়ায় তাঁকে কেন স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, জানতে চেয়ে বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান ৬ মে চিঠি ইস্যু করেন। চিঠির জবাব পাওয়ার পর দুই মাস পর তাঁকে চাকরি থেকে অপসারণ করে কর্তৃপক্ষ।
এ নিয়ে ১৫ জুলাই প্রথম আলোয় ‘সেই সহকারী প্রকৌশলী চাকরিচ্যুত’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।
বন্দর সূত্র জানায়, চাকরিচ্যুত করার বিষয়টি পুনর্বিবেচনা ও শাস্তি বাতিল করে পুনর্বহালের জন্য ২৮ সেপ্টেম্বর বন্দর কর্তৃপক্ষের কাছে আবেদন করেন সোহেল রানা। ২৯ নভেম্বর বন্দরের মাসিক সাধারণ সভায় পরিচালনা বোর্ড তাঁকে এক ধাপ পদাবনত করে পুনর্বহাল করে। এ-সংক্রান্ত সিদ্ধান্তে বলা হয়, মোংলা বন্দর কর্মচারী প্রবিধানমালা, ১৯৯১-এর প্রবিধান ৩৮-এ আচরণ ও শৃঙ্খলা (১) হতে (৭) পর্যন্ত ‘স্বাক্ষর জাল বা প্রতারণা’ শব্দ অন্তর্ভুক্ত নেই। অথচ এ বিধান মোতাবেকই তাঁকে চাকরিচ্যুত করা হয়েছিল।
মোংলা বন্দর কর্তৃপক্ষের সদ্য বিদায়ী চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল রিয়াজউদ্দিন আহম্মেদই ওই বোর্ডের চেয়ারম্যানও ছিলেন। গতকাল শনিবার তিনি বলেন, ‘তাঁর চাকরিচ্যুতি আমার সিদ্ধান্তেই হয়েছিল। এরপর বোর্ড মনে করে, তাঁর শাস্তির মাত্রা কমিয়ে দেওয়ার। সে অনুযায়ী তাঁকে পুনর্বহাল করা হয়েছে।’