জাল লাইসেন্স নিয়ে ভেজাল ওষুধ উৎপাদনের সঙ্গে জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার চট্টগ্রাম সিটি করপোরেশনে কর্মরত চিকিৎসক দম্পতিকে চাকরিচ্যুত করতে যাচ্ছে কর্তৃপক্ষ। সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন দেশে ফিরলে তাঁদের বিরুদ্ধে চূড়ান্ত ব্যবস্থা নেওয়া হবে।
গতকাল রোববার বিকেলে চট্টগ্রাম নগরের উত্তর কাট্টলীর মুন্সীপাড়া এলাকায় লেক্সিকন ফার্মাসিউটিক্যালস নামের ওষুধ কারখানায় অভিযান চালিয়ে পুলিশ পাঁচজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—ওষুধ কারখানার তিন পরিচালক আবদুল জলিল, এ এইচ এম নজিরুল হক ও তাঁর স্ত্রী জান্নাতুল মাওয়া এবং কারখানার কর্মচারী দুই ভাই আল আমিন ও রুহুল আমিন। তাঁদের মধ্যে নজিরুল হক চট্টগ্রাম সিটি করপোরেশনের উত্তর কাট্টলীর আলিমউল্লাহ চৌধুরী স্বাস্থ্যকেন্দ্রের এবং তাঁর স্ত্রী উত্তর কাট্টলীর মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতালের মেডিকেল অফিসার। তাঁরা অস্থায়ী ভিত্তিতে নিয়োজিত আছেন।
সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা কাজী মোহাম্মদ শফিউল আলম প্রথম আলোকে বলেন, দুই চিকিৎসককে চাকরিচ্যুত করার জন্য আজ সোমবার মেয়র বরাবর সুপারিশ করা হয়েছে। মেয়র দেশে ফিরলে তা কার্যকর করা হবে।
সিটি করপোরেশন সূত্র জানায়, মেয়র আ জ ম নাছির গত শুক্রবার রাতে শ্রীলঙ্কার কলম্বো মিউনিসিপ্যাল করপোরেশনের ১৫০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে সেখানে যান। আগামীকাল মঙ্গলবার বিকেলে তাঁর দেশে ফেরার কথা রয়েছে।
এদিকে, গ্রেপ্তার পাঁচজনকে আজ সোমবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান পাহাড়তলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রনজিত কুমার বড়ুয়া।